• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নির্বাচন নিয়ে এনডিআই-আইআরআই প্রতিবেদনের প্রতিক্রিয়া

দেশে একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২২:১৩, ১৭ মার্চ ২০২৪

আপডেট: ২২:৪৩, ১৭ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
দেশে একটি সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সাংবাদিকদের ব্রিফ করছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট - এনডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট - আইআরআই-এর দেওয়া প্রতিবেদনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তারা কী বললো না বললো, তাতে কিছু আসে যায় না। 

রবিবার (১৭ মার্চ) রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনডিআই ও আইআরআই যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা স্বীকার করে নিয়েছে, অন্যান্য সময়ে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেসব নির্বাচনের তুলনায় এবার কম সহিংসতা হয়েছে। আর মানের কথা বলছেন- বাংলাদেশে যে সমস্ত নির্বাচন ইতোপূর্বে হয়েছে বা আমাদের উপমহাদেশে যে নির্বাচন হয় সেই তুলনায় এ নির্বাচনের মান অনেক উন্নত ছিলো। একটি সুন্দর ও ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

হাছান মাহমুদ বলেন, ‘এনডিআই ও আইআরআই তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা সেটা দেখছি; কিন্তু দেশে একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপিসহ তার মিত্ররা অংশগ্রহণ করেনি। বিএনপিসহ তাদের মিত্ররা শুধু নির্বাচন বর্জন নয় নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে। সুতরাং তাদের রিপোর্টে যদি এ বিষয়টা বা যারা এ নিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন সময়ে দেশ-বিদেশে তাদের এ বিষয়টাও অ্যাড্রেস করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি যে নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছে এবং শুধু প্রতিহত নয়- নির্বাচন প্রতিহত করার জন্য সহিংসতা করেছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে সে বিষয়গুলোও তো আসতে হবে।’

সরকার প্রতিবেদন প্রত্যাখ্যান করছে কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা প্রত্যাখ্যান বা গ্রহণ করার বিষয় নয়। তারা প্রতিবেদন দিয়েছে, আমরা প্রতিবেদনটা দেখছি এবং আমরা আমাদের বন্ধু রাষ্ট্র বা অন্য কেউ যে সমস্ত পর্যবেক্ষণ দিচ্ছে সেগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি।’
 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত