তৃতীয় লিঙ্গের কেউ চাঁদাবাজি করলে আইনের আওতায় আনা হবে: ডিএমপি কমিশনার
কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ডিএমপি সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেবে জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তৃতীয় লিঙ্গের কেউ বাসা-বাড়ি, সড়কে ও যানবাহনে যদি চাঁদাবাজি করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, তৃতীয় লিঙ্গের বিভিন্ন সদস্যের নামে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের আলোকে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (২৩ মার্চ) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
কমিশনার বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে ডিএমপি সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেবে। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা তামিল, চুরি মামলা, ছিনতাই মামলা, মামলা তদন্ত, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও মুলতবি মামলা নিস্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে থানায় আসা সেবা প্রার্থীদের দ্রুততম সময়ে ও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। মানুষ পুলিশের সেবা পেতে প্রথমে থানায় আসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জন সেবায় কতটা আন্তরিক তা দ্রুততম সময়ে সেবা দেওয়ার মাধ্যমে নগরবাসীকে বুঝাতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো পুলিশি সেবা মানুষের দৌরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরো বেগবান করতে হবে। রাষ্ট্র আমাদেরকে জনগণের জানমালের নিরাপত্তার দায়িত্ব দিয়েছে। পেশাদারিত্ব ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে তার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।
তিনি আরও বলেন, রমজানে যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার ওপর বিশেষ নজর দিতে হবে। এখন পর্যন্ত রমজানে ট্রাফিক ব্যবস্থা বেশ ভালো অবস্থানে আছে এটা আমাদের ধরে রাখতে হবে। ইতোমধ্যে ট্রাফিক বিভাগের অফিসারদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাফিকের সিনিয়র অফিসারদের পাশাপাশি ক্রাইম বিভাগের অফিসারদেরও রাস্তায় থেকে দায়িত্ব পালন করতে হবে।
বিভি/এসএইচ/রিসি













মন্তব্য করুন: