বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর তাগিদ
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও প্রযুক্তি খাতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বৃহস্পতিবার (১ অক্টোবর) সিউলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদ মন্ত্রণালয়ের বাণিজ্য আলোচনাবিষয়ক উপমন্ত্রী হায়েজিন কওনের সঙ্গে বৈঠকে এ গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহের কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর ও শিল্পোন্নয়নে দক্ষিণ কোরিয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি।
জানা যায়, এ বছরের আগস্টে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সফলভাবে সম্পন্ন হওয়াকে স্বাগত জানিয়ে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, এই চুক্তি দক্ষিণ কোরিয়া ও আঞ্চলিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের আরও গভীরভাবে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করবে। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রেক্ষাপটে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রস্তাবিত বাংলাদেশ সফরের সময় সিইপিএ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করা সম্ভব হবে।

বৈঠকে বাংলাদেশি পণ্য ও সেবার জন্য দক্ষিণ কোরিয়ার বাজারে আমদানি বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান হুমায়ুন কবির। পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও কোয়ারেন্টাইনসংক্রান্ত প্রক্রিয়া সহজীকরণ, আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রে সহযোগিতা এবং যৌথ বিনিয়োগ উদ্যোগ ও সরকার-টু-সরকার (জি২জি) সহযোগিতার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দক্ষিণ কোরিয়ার উপমন্ত্রী হায়েজিন কওন বাংলাদেশ ও কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিকে স্বাগত জানান। সিইপিএ কাঠামোর আওতায় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা আরও সম্প্রসারণে দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা জানান তিনি।
বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্বপূর্ণ অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: