ফেরদৌসী আহমেদ মিষ্টির সংসদীয় আসন শূন্য ঘোষণা
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসনটি ( জাতীয় সংসদের ৩২৩ ও মহিলা আসন-২৩) শূন্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ অক্টোবর ২০২৬ তারিখে পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ ও মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী ওই তারিখে শূন্য হয়েছে।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও ভাঙচুরের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন বলে এর আগে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিষ্টি হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের জমি এবং ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যক্রম নিয়েও মিষ্টির নাম আলোচনায় আসে। গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে তিনি ওই সমিতির সভাপতি ছিলেন। ওই সময় সমিতির নামে রাড্ডা সেন্টারের জমি বরাদ্দ চেয়ে করা আবেদনে সভাপতি হিসেবে তাঁর স্বাক্ষর ছিল। তবে বর্তমানে সমিতিটির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে মিষ্টি দাবি করেছেন।
মিষ্টির পদত্যাগের পর এখন সংবিধানের বিধান অনুযায়ী সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: