বৃদ্ধকে দেখে গাড়ি থামিয়ে ছুটে গেলেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া
ফেনীতে সফরকালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক প্রবীণকে দেখে গাড়ি থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থামার পর ওই বৃদ্ধের কাছে ছুটে যান তিনি। ওই ব্যক্তি প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও তার সঙ্গে কুশল বিনিময় করে মাথায় হাত বুলিয়ে দেন।
এ সময় আবেগাপ্লুত হয়ে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর সড়ক দিয়ে যাওয়ার সময় ওই মুরুব্বি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তাকে দেখতে পেয়ে গাড়ি থামানো হয়। এরপর প্রধানমন্ত্রী নিজেই তার কাছে এগিয়ে যান। কিছুক্ষণ কথা বলেন এবং তার কাছ থেকে ফুল গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর এমন আচরণে উপস্থিত মানুষের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। আশপাশে থাকা অনেকেই মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে তাদের সাক্ষাতের ছবি ও ভিডিও।
স্থানীয়দের কয়েকজন বলেন, রাষ্ট্রীয় কর্মসূচির ব্যস্ততার মধ্যেও একজন প্রবীণ নাগরিকের কাছে প্রধানমন্ত্রী নিজে এগিয়ে যাওয়ার ঘটনাটি মানুষের নজর কেড়েছে। তাদের কাছে এটি ছিল আনুষ্ঠানিকতার বাইরে একজন প্রবীণের প্রতি সম্মান ও আন্তরিকতার প্রকাশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার ফেনী সফরে এসে পরশুরাম ও ফুলগাজীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করেন। পরে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য দেন।
দিনভর নানা কর্মসূচির ব্যস্ততার মধ্যেও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই মুরুব্বির সঙ্গে প্রধানমন্ত্রীর কয়েক মুহূর্তের সাক্ষাৎ স্থানীয়দের মধ্যে বিশেষ আলোচনার জন্ম দেয়। আর মুরুব্বির মুখের দোয়া—“আল্লাহ প্রধানমন্ত্রীকে দীর্ঘ হায়াত দান করুক”—মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।
বিভি/টিটি













মন্তব্য করুন: