• NEWS PORTAL

  • বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

৫৩টি হারানো মোবাইল ও ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করে দিলো ১৮ এপিবিএন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৮, ৭ অক্টোবর ২০২৬

আপডেট: ১৪:৫৮, ৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
৫৩টি হারানো মোবাইল ও ভুল নম্বরে যাওয়া টাকা উদ্ধার করে দিলো ১৮ এপিবিএন

পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সহায়তায় সাধারণ মানুষের মুখে হাসি ফুটাল ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রাঙ্গামাটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধারকৃত ৫৩টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশে ভুলবশত চলে যাওয়া ১৭ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাঙ্গামাটির রিজার্ভ বাজার মসজিদ মার্কেটস্থ ১৮ এপিবিএন ব্যাটালিয়নের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিং ও হস্তান্তর অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। গত সেপ্টেম্বর মাসে সর্বমোট ৪২৭টি সাধারণ ডায়েরির (জিডি) ওপর ভিত্তি করে ১৮ এপিবিএন-এর সাইবার ক্রাইম সেল নিরলস কাজ করে এই সাফল্য অর্জন করে। এছাড়া প্রযুক্তিগত ট্র্যাকিংয়ের মাধ্যমে ২ জন নিখোঁজ ব্যক্তি উদ্ধার এবং ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এর মাধ্যমে ১ জন নাগরিককে জরুরি সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে ছিনতাই হওয়া ৬০ হাজার টাকা মূল্যের ওয়ানপ্লাস ফোন বিনামূল্যে ফেরত পেয়ে আবেগপ্লুত ভুক্তভোগী মোঃ আল-আমিন বলেন, “ফোন উদ্ধারের খবর শুনে খুশিতে রাতে ঘুমাতে পারিনি। কোনো ঝামেলা বা টাকা-পয়সা ছাড়াই ফোনটি হাতে পেয়ে ১৮ এপিবিএন সাইবার সেলকে ধন্যবাদ জানাচ্ছি।” একইভাবে বিকাশ থেকে ভুল নম্বরে চলে যাওয়া টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন আরেক ভুক্তভোগী মোঃ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৮ এপিবিএন রাঙ্গামাটির অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান দায়িত্ব। বর্তমান যুগে ডিজিটাল মাধ্যম ও মোবাইল সংক্রান্ত অপরাধ দমনে ১৮ এপিবিএন-এর সাইবার ক্রাইম সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সাধারণ মানুষের প্রযুক্তিগত সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে আমাদের এই ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক মোঃ এনায়েত করিম, পিপিএম-সেবা। এছাড়া ব্যাটালিয়নের সকল নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন। সেবাগ্রহীতারা পুলিশ বাহিনীর এমন চমৎকার সেবায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত