অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে সেনা মোতায়েনের উদ্যোগ সরকারের
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধ দমনে দুটি সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ক্যাম্প এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধের ঘটনা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পের বাইরের নষ্ট হয়ে যাওয়া কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, ওয়াচ টাওয়ার নির্মাণ, সৌরবিদ্যুৎচালিত বাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঘিরে তৈরি হওয়া বিভিন্ন সমস্যা, প্রত্যাবাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলাবিষয়ক জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের নোয়াখালী পাড়া ও রঙ্গিখালীর পাহাড় এলাকায় অপহরণের ঘটনা ঘটছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে সেখানে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও কথা বলেন তিনি।
এদিকে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে ইসিবির (ইঞ্জিনিয়ার্স কোর অব বাংলাদেশ) নেতৃত্বে সড়ক নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। সমন্বিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে ওই এলাকার মৌজাগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা যায়।
তিনি আরও বলেন, অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরকে সুশাসনের আওতায় আনা হবে। সেখানে সারদা পুলিশ একাডেমির আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
সরকারের প্রতি জনগণের আস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকার জনআস্থা তৈরি করতে সক্ষম হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: