• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করুক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:৪৪, ১৭ অক্টোবর ২০২৬

আপডেট: ২৩:৪৫, ১৭ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
দুর্গাপূজা সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করুক: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুক থেকে নেওয়া

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুর্গোৎসবের চেতনা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে আরও অনুপ্রাণিত করুক। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় হওয়ার পাশাপাশি সমাজে শান্তি প্রতিষ্ঠিত হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে সালাহউদ্দিন আহমদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব শারদীয় দুর্গাপূজা। শরতের নির্মল আবহে প্রতিবছরের মতো এবারও দেশের সর্বত্র ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত।

তিনি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প ও অসাম্প্রদায়িক চেতনা। এ উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

শান্তি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বাণীতে উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে দেশের দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন।

বাণীর শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় অনাবিল আনন্দ, শান্তি ও নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। দুর্গোৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত