• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

লালনের দর্শন অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রেরণা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০০:০৬, ১৮ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:০৬, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
লালনের দর্শন অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রেরণা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফকির লালন সাঁইয়ের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতাবাদী দর্শন বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ‘লালন স্মরণানুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পরম পুরুষ, অসাম্প্রদায়িক চেতনা ও মানবধর্মের মহান সাধক ফকির লালন সাঁই কেবল একজন বাউল সাধক বা সুরস্রষ্টা ছিলেন না; তিনি ছিলেন অসাম্প্রদায়িকতা ও সাম্যের এক মহান প্রবক্তা। সমাজ ও রাজনীতিতে যখন ভেদাভেদ এবং সংকীর্ণতা দেখা দেয়, তখন লালনের মানবতাবাদী দর্শন নতুন পথের দিশা দেখায়।

তিনি বলেন, জাত-পাত, ধর্ম-বর্ণ ও সামাজিক শ্রেণির ঊর্ধ্বে উঠে মানুষের প্রকৃত পরিচয় প্রতিষ্ঠা করে গেছেন লালন সাঁই। তাঁর বিখ্যাত গান—‘সব লোকে কয় লালন কী জাত সংসারে, লালন কয় জাতের কী রূপ দেখলাম না এ নজরে’—আজও বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর তাৎপর্য বহন করে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের সুপ্রাচীন ঐতিহ্য, আবহমান লোকসংস্কৃতি এবং অসাম্প্রদায়িক ভাবধারা সংরক্ষণ ও বিকাশে সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। লালন সাঁইয়ের ভালোবাসা, সাম্য ও মানবতার শিক্ষা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া জাতীয় দায়িত্ব।

তিনি আরও বলেন, সাম্য ও সহমর্মিতার দর্শনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে লালন সাঁইয়ের বাণী সব সময় প্রেরণা জোগাবে। তাঁর অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে বৈষম্যহীন, সৌহার্দ্যপূর্ণ ও সুসংহত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্মরণানুষ্ঠানের আয়োজক বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বিশেষ অতিথি, মুখ্য আলোচক ও উপস্থিত সুধীজনদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান প্রতিমন্ত্রী।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত