ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এই অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, তা রক্ষা করতে হবে।’ শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের এখানে একটি স্লোগান আছে—ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এর সঙ্গে যুক্ত করে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া। সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার রক্ষা করব—এ কথা আমাদের সব সময় জোরের সঙ্গে বলতে হবে।’
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অভূতপূর্ব নিদর্শন। যুগ যুগ ধরে এ ভূখণ্ডে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে আসছেন। দেশের সাহিত্য, সংস্কৃতি ও শিল্পকলার প্রতিটি ক্ষেত্রেই এই সম্প্রীতি ও সম্মিলনের নিদর্শন পাওয়া যায়।
এই সম্প্রীতির বন্ধন নষ্ট করে বিভাজন সৃষ্টির মাধ্যমে যারা সুবিধা নিতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, ‘স্বাধীনতার আগে থেকেই এ দেশে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। ১৯৭১ সালে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা বলেছি। আমরা সেই আদর্শে স্থির আছি। তা রক্ষার জন্য যেকোনো মূল্য দিতে আমরা প্রস্তুত।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ উগ্রবাদী নয়। কোনো বিষয়ে চরম অবস্থানে যাওয়ার প্রবণতা এ দেশের মানুষের কখনো ছিল না, এখনো নেই। এই ধারাকে অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অনেক চেষ্টা চলছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে—এমন বক্তব্য দেশে-বিদেশে বিভিন্নভাবে বড় করে প্রচার করা হয়। তবে বাংলাদেশের সব সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন, তাঁরা নিজ নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারেন।
রাষ্ট্রপতি বলেন, ‘আমরা একটি পরিবর্তনকাল পার করছি। ভয়াবহ অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার কাজ শুরু করেছি। ধৈর্যের সঙ্গে এই কাজ আমাদের সবাইকে এগিয়ে নিতে হবে।’
জাতীয় সমস্যাগুলো সবার সমঝোতার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে নির্বাচন হয়েছে এবং সবাই তা গ্রহণ করেছে। সংবিধান পরিবর্তনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
যেকোনো মূল্যে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রপতি। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি পূরণে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পূজা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।’
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ।
এর আগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পৌঁছে রাষ্ট্রপতি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: