• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি

প্রকাশিত: ১৯:৫৮, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০ জোনে গঠিত হচ্ছে বিশেষ কমিটি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, খালের সীমানা নির্ধারণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি আনতে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ২০টি বিশেষ তদারকি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এলাকাভিত্তিক মোট ২০টি জোনে এসব জোনাল কমিটি সরাসরি মাঠ পর্যায়ে কাজ করবে।

রোববার (১৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তরে ১০টি এবং ঢাকা দক্ষিণে ১০টি জোনাল কমিটি কার্যক্রম পরিচালনা করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব কমিটির নেতৃত্বে থাকবেন। জোনাল কমিটিগুলোতে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, শিক্ষা বিভাগ, ঢাকা ওয়াসা, মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন উইংয়ের প্রতিনিধিরা যুক্ত থাকবেন। পাশাপাশি প্রতিটি কমিটির সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, মাঠ পর্যায়ে গঠিত এই ২০টি জোনাল কমিটির সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, পরিচালনা ও সমন্বয়ের জন্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করে আরও একটি উচ্চপর্যায়ের মনিটরিং কমিটি গঠন করা হবে। এই কমিটিতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। মূলত সরেজমিনে পরিচ্ছন্নতা অভিযান, খালের সীমানা চিহ্নিতকরণ ও খননকাজ জোরদার করার পাশাপাশি মশক নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করতেই এসব কমিটি কাজ করবে।

বিভি/বিএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত