• NEWS PORTAL

  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

প্রকাশিত: ১২:৪৭, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রবিবার (১ নভেম্বর) বিচারপতি আশফাকুর রহমানকে প্রধান করে গঠিত এ বোর্ড দ্রুত সময়ের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

মন্ত্রী জানান, বোর্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, নিয়োগকর্তা পক্ষের একজন প্রতিনিধি, শ্রমিক পক্ষের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্যান্য সদস্য রয়েছেন। এ বোর্ডের মাধ্যমে দ্রুততম সময়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে।

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত তিন দিন ধরে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করেছেন তারা। সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল শ্রমিকদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। মন্ত্রীর ভাষ্য, মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের দাবি আদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তাই আন্দোলনকারীদের সড়ক ছেড়ে কাজে ফিরে যাওয়া উচিত।

তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনে অংশ নেওয়া সবাই প্রকৃত শ্রমিক নন। একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ডিসেম্বরকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এ পরিস্থিতিতে ১ নভেম্বর নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছিলেন শ্রমমন্ত্রী।

বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালে এ মজুরি নির্ধারণ করা হয়েছিল।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত