• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

দেশের ভেতরে বা ওপার থেকে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২৩:০১, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ২৩:০২, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দেশের ভেতরে বা ওপার থেকে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে ফিরে আসার সুযোগ তৈরির চেষ্টা করা হলে জাতির সামনে তা উন্মোচন করা হবে। দেশের অভ্যন্তরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেয়া হবে না।

তিনি বলেন, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপচেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।

তিনি আরও বলেন, কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। দেশের রাজনৈতিক সচেতন মানুষ এসব তৎপরতা বুঝতে পারছেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিরা কীভাবে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, তাদের সেই কার্যক্রমের আইনগত বৈধতা কী এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহযোগিতা করছেন- এসব প্রশ্নের জবাব খুঁজে দেখা প্রয়োজন। বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি। সংসদীয় রীতির কারণে অনুপস্থিত ব্যক্তিদের নাম উল্লেখ না করাই স্বাভাবিক। তবে বিরোধীদলীয় নেতা যদি সংশ্লিষ্ট বক্তব্য, গোয়েন্দা সংস্থার টেলিফোন নম্বর থেকে পাঠানো বার্তা কিংবা তার দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে দেয়া হুমকির তথ্য সরকারকে জানান, তাহলে তা তদন্ত করে দেখা হবে।

তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান রফতানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য একটি নীলনকশা করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগও করা হয়েছে। তবে সরকার সফলতার সঙ্গে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেনি; বরং নিজেরাই বিভিন্ন ঘটনায় আহত হয়েছে। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে সেটিকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিক ইস্যু তৈরির সুযোগ পায়। সরকার সচেতনভাবে সে সুযোগ দেয়নি।

তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের কিছু অংশ দেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব এলাকায় শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত রাখতে শিল্পমালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে। তারা সরকারের উদ্যোগে সহযোগিতা করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগীদের পাশাপাশি কয়েকজন শিল্পমালিকেরও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টায় সহযোগিতার বিষয়টি সরকার লক্ষ্য করেছে। তবে শিল্পমালিকদের আশ্বস্ত করা হয়েছে যে দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে।

দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা যৌক্তিক নয়। দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে।

বেনজীর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার জামিনের ব্যাপারে দুবাই সরকার তাদের দেশের প্রচলিত আইন ব্যবহার করেছে; এখানে বাংলাদেশ সরকারের করার কিছু ছিল না। আসামির বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ থাকলেও তিনি যে দেশে গ্রেফতার হন, সেই দেশের আইনেই সমস্ত আইনি প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে।

তিন বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশের উপযুক্ত আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার অনুরোধ এবং প্রয়োজনীয় তথ্য-নথিপত্র যাচাইক্রমে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির উদ্যোগ নেয়া হয়। পরবর্তীতে ১১ এপ্রিল তার বিরুদ্ধে ইন্টারপুল রেড নোটিশ জারি করে।

তিনি আরও বলেন, গত ১২ জুন এনসিবি আবুধাবি আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানায়, বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল ল নম্বর ৩৯ অফ ২০০৬-এর আর্টিকেল ইলেভেন অনুযায়ী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর জন্য বাংলাদেশকে অনুরোধ জানানো হয়। এরপর বাংলাদেশ সরকার নির্ধারিত সময়সীমার জন্য অপেক্ষা না করে মাত্র চার দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল অথরিটি বরাবর কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রেডিশন রিকোয়েস্ট প্রেরণ করে। একই তারিখে তথ্য ও সমন্বয়ের জন্য অনুরোধটির একটি অনুলিপি এনসিবি আবুধাবিকে পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। শুধু ইন্টারপোলের রেড নোটিশ বা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে প্রত্যর্পণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয় না। অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের সেন্ট্রাল অথরিটি ও আদালত সেই দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পরীক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করে।

বিভি/টিটি

মন্তব্য করুন: