• NEWS PORTAL

  • বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

বাসস

প্রকাশিত: ০০:৩৫, ১১ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৩৬, ১১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপ৩১-এর তিন প্রধান অগ্রাধিকার তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ জলবায়ু সম্মেলনের জন্য তিনটি মূল অগ্রাধিকার তুলে ধরেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এক ভিডিও বার্তায় তিনি দ্রুত পরিবেশবান্ধব জ্বালানিতে উত্তরণ, সুনির্দিষ্ট জলবায়ু অর্থায়ন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আগে দেওয়া এই বার্তায় ড. খলিলুর বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলো দিন দিন তীব্র ক্ষতির মুখে পড়ছে। তাই বহুদিনের আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে এখন বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার সময় এসেছে।

নিজের প্রথম অগ্রাধিকার তুলে ধরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, প্যারিস চুক্তির প্রতিশ্রুতিগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। এজন্য পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার দ্রুত বাড়াতে হবে, বিদ্যুতের লাইন সম্প্রসারণ করতে হবে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন উল্লেখযোগ্য পরিমাণে কমাতে হবে।

তিনি উল্লেখ করেন, ঐতিহাসিক জলবায়ু চুক্তি গ্রহণের এক দশকেরও বেশি সময় পার হয়ে গেছে। বিশ্ব সম্প্রদায়কে এখন কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দৃশ্যমান ফলাফল অর্জনে জোর দিতে হবে।

দ্বিতীয় অগ্রাধিকার হিসেবে জলবায়ু অর্থায়নের কথা উল্লেখ করেন এই কূটনীতিক। জলবায়ু অভিযোজন, সহনশীলতা বৃদ্ধি এবং দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবিলায় সুনির্দিষ্ট ও সহজলভ্য অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

খলিলুর রহমান আরও জানান, আর্থিক সহায়তা যেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি। এতে তারা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় নিজেদের সক্ষমতা বাড়াতে পারবে।

মানবজীবন রক্ষা করাকে তৃতীয় অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন তিনি। এই লক্ষ্যে আগাম সতর্কবার্তা ব্যবস্থা, দুর্যোগ প্রস্তুতি এবং স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন।

তিনি বলেন করেন, চরম আবহাওয়া ও জলবায়ুজনিত দুর্যোগের কবলে থাকা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠিকে রক্ষায় এ ধরনের বিনিয়োগ অত্যন্ত প্রয়োজনীয়।

জাতিসংঘ সভাপতি বলেন, আন্তর্জাতিক জলবায়ু পদক্ষেপে এমন বাস্তবমুখী সিদ্ধান্তকে প্রাধান্য দিতে হবে, যা একদিকে স্থানীয় মানুষকে রক্ষা করবে এবং অন্যদিকে কার্বন নিঃসরণ কমিয়ে বিশ্বকে সহনশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে।

২০১৫ সালে গৃহীত প্যারিস চুক্তির মাধ্যমে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করার একটি রূপরেখা তৈরি করা হয়েছিল।

তবে বাস্তবায়নের ঘাটতি, অপর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং ঘন ঘন জলবায়ু দুর্যোগের কারণে সেই লক্ষ্য অর্জন এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: