যে কারণে পাঁচ কোটি করে টাকা পাচ্ছেন প্রত্যেক এমপি
ফাইল ছবি
সংসদ সদস্যদের (এমপি) প্রত্যেকের জন্য পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। তৃণমূল পর্যায়ে জনগণের তাৎক্ষণিক ও জরুরি চাহিদা পূরণে এ অর্থ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এ জন্য উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে মোট ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে দুটি পৃথক চিঠি পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে চিঠি দুটি পাঠান।
প্রস্তাব অনুযায়ী, সিটি করপোরেশন এলাকার বাইরের ২৬৪ জন সংসদ সদস্যের প্রত্যেকের জন্য পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। অন্যদিকে, সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের জন্য একই হারে আরও ১৮০ কোটি টাকা চাওয়া হয়েছে। সব মিলিয়ে ৩০০ সংসদ সদস্যের জন্য প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ ১ হাজার ৫০০ কোটি টাকা।
চিঠিতে বলা হয়েছে, এই অর্থ দিয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাৎক্ষণিকভাবে ব্যয় করতে পারবেন সংসদ সদস্যরা।
বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরে স্থানীয় সরকার সচিব চিঠিতে উল্লেখ করেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। বর্তমান সরকারের কাছে মানুষের প্রত্যাশাও অনেক বেশি।
চিঠিতে আরও বলা হয়, সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূল পর্যায়ের মানুষ তাদের ছোটখাটো কিন্তু জরুরি প্রয়োজনের কথা সংসদ সদস্যদের কাছে তুলে ধরছেন। সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেও তাদের বর্তমান ঐচ্ছিক তহবিলের বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম। ফলে তাৎক্ষণিক এসব চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় সরকার সচিব জানান, বর্তমানে একজন সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলে বরাদ্দ রয়েছে পাঁচ লাখ টাকা। এই অর্থ দিয়ে নির্বাচনি এলাকার মানুষের বৃহৎ ও জরুরি চাহিদা মেটানো কঠিন। এ কারণে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে সংসদ সদস্যের অনুকূলে বছরে পাঁচ কোটি টাকা করে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
তবে সরকারের আর্থিক সংকটের সময়ে সংসদ সদস্যদের জন্য এ ধরনের বিশেষ বরাদ্দের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, সংসদ সদস্যদের সরাসরি এ ধরনের অর্থ দেওয়া হলে উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অতীতে এ ধরনের বরাদ্দের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলীয় ও রাজনৈতিক প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীন কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপের ঝুঁকিও বাড়তে পারে।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্যদের অনুকূলে প্রথমে ১৫ কোটি এবং পরে ২০ কোটি টাকা করে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়ার নজির রয়েছে।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অতীত অভিজ্ঞতা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, থোক বরাদ্দের সিংহভাগই উন্নয়নের নামে দলীয়করণের কাজে ব্যবহৃত হয়। এর মাধ্যমে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং জনগণের অর্থ অপচয়ের সুযোগ তৈরি হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: