ঠিকাদারের উপহার গ্রহণ নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া টিআইবির
ফাইল ছবি
ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণকে ঘুষ নয় বলে মন্তব্য করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিমন্ত্রীর এমন বক্তব্য ঘুষকে বৈধতা দেওয়ার চেষ্টা হিসেবে উল্লেখ করে তা নিঃশর্তভাবে প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বক্তব্যের পেছনে এক সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করে এর সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে টিআইবি। বুধবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয়, তা গ্রহণ করা যায়। প্রতিমন্ত্রীর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানিয়েছে টিআইবি।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া এবং বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীদের নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তারা জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে উপহারের নামে অবৈধ অর্থ নেওয়ার সুযোগ কেন থাকবে? প্রতিমন্ত্রী কি উপহার গ্রহণের কথা বলে ঘুষকে বৈধতা দিচ্ছেন, নাকি প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহিত করছেন?
তিনি বলেন, যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা ও আইনের লঙ্ঘন। এমন বক্তব্য মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা দেওয়ার পাশাপাশি দুর্নীতির বিস্তার ঘটাতে পারে। প্রতিমন্ত্রীর বক্তব্য সরকারের অবস্থান কি না, তা স্পষ্ট করারও দাবি জানান তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কাজের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে রয়েছে, তা প্রতিমন্ত্রীকে জনসমক্ষে জানাতে হবে। দণ্ডবিধির ১৬১ ও ১৬৫ ধারায় সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে অবৈধ সুবিধা গ্রহণ এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে বিনা প্রতিদানে মূল্যবান বস্তু গ্রহণের ক্ষেত্রে শাস্তির বিধান রয়েছে।
এ ছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ৫(১) অনুযায়ী, নির্ধারিত ব্যতিক্রম ছাড়া দাপ্তরিক বাধ্যবাধকতা তৈরি করতে পারে এমন উপহার গ্রহণে সরকারের পূর্বানুমতি প্রয়োজন। অন্যদিকে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর তফসিল ২০-এর অনুচ্ছেদ ৬(২)-এ প্রতিষ্ঠানের লোগোযুক্ত ডায়েরি, ক্যালেন্ডার বা কলমের মতো সামগ্রী দেওয়ার ক্ষেত্রে প্রতিটির মূল্য সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এসব বিধানের কোনোটিই ঠিকাদারের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ দেয় না বলে উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রীর বক্তব্যে স্বার্থের সংঘাতের ঝুঁকির বিষয়টিও তুলে ধরে টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, যে ঠিকাদারের কাজ একজন প্রকৌশলী তদারকি করেন, তার কাছ থেকেই ব্যক্তিগত সুবিধা নিলে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন। এতে কাজ তদারকি ও বিল প্রত্যয়নের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার পাশাপাশি ঠিকাদার ও প্রকৌশলীদের যোগসাজশে দুর্নীতি বাড়তে পারে।
প্রতিমন্ত্রীর বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের প্রসঙ্গ নিয়েও প্রশ্ন তোলেন ড. ইফতেখারুজ্জামান। তার মতে, এমন পরামর্শ দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তার পেশাগত সততা ও নৈতিক যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই পরামর্শের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
বিবৃতিতে টিআইবি প্রতিমন্ত্রীর বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং তার কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়ে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে। পাশাপাশি সিনিয়র সচিবের পরামর্শের বিষয়টি তদন্তেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: