ভাসানীর রাজনৈতিক দর্শন আজও প্রাসঙ্গিক, সেই পথেই ক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো রাজনৈতিক পথ অনুসরণ করেই ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায়।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে অবস্থিত সানাই পার্টি হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাসানী ফাউন্ডেশন এ স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে মওলানা ভাসানীর আদর্শ, রাজনৈতিক দর্শন ও সংগ্রামী চেতনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মওলানা ভাসানী সারা জীবন নিপীড়িত, শোষিত ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তার গণমুখী রাজনৈতিক দর্শন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত রাজনৈতিক ধারার মধ্যে গভীর ঐতিহাসিক ও আদর্শিক সংযোগ রয়েছে।
স্মরণসভায় নিউইয়র্কপ্রবাসী গৌরনদী ও আগৈলঝাড়ার বাসিন্দাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন, দেশপ্রেম, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান এবং সমকালীন রাজনীতিতে তার আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।
বিভি/এইচএস/পিএইচ













মন্তব্য করুন: