• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কপ৩১: জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণে সৌদি আরবের বিরোধিতা, নতুন শঙ্কায় বিশ্ব

কেফায়েত শাকিল, আন্তালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ০৮:২৯, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০৮:৩০, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপ৩১: জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণে সৌদি আরবের বিরোধিতা, নতুন শঙ্কায় বিশ্ব

জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত উত্তরণের প্রস্তাবে সৌদি আরবের বিরোধিতায় জটিল হয়ে উঠেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর আলোচনা। সম্মেলনের চূড়ান্ত সিদ্ধান্তের খসড়ায় তেল, গ্যাস ও কয়লার ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে আরও জোরালো ভাষা যুক্ত করার প্রস্তাব থাকলেও তা নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় সৌদি আরব জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, বৈশ্বিক বিদ্যুতায়ন লক্ষ্যমাত্রা এবং আন্তর্জাতিক জলবায়ু বিজ্ঞান গবেষণার অর্থায়নসংক্রান্ত কয়েকটি প্রস্তাব আটকে দেওয়ার চেষ্টা করছে বলে কূটনীতিকদের অভিযোগ। তবে সৌদি আরব আলোচনায় বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, সৌদি আরব ও ভারত আইপিসিসির পরবর্তী মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের সময়সূচি পিছিয়ে দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে আইপিসিসির ২০২৭ সালের বাজেট অনুমোদন নিয়েও মতবিরোধ রয়েছে। এতে সংস্থাটির কার্যক্রম ও জলবায়ু গবেষণা বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগে ১৬ নভেম্বর প্রকাশিত কপ৩১-এর ১৪৪ অনুচ্ছেদের খসড়া সিদ্ধান্তের ৬৫ ও ৬৬ নম্বর অনুচ্ছেদে জীবাশ্ম জ্বালানি নিয়ে দুটি প্রস্তাব রাখা হয়েছে। ৬৫ নম্বর অনুচ্ছেদে কপ২৯-এ গৃহীত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে। অন্যদিকে, ৬৬ নম্বর অনুচ্ছেদে জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করতে দ্রুত পদক্ষেপ এবং জ্বালানি ব্যবস্থায় অবিলম্বে উত্তরণের আহ্বান জানানো হয়েছে।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণে বৈশ্বিক আলোচনায় নতুন গতি আসতে পারে। তবে সৌদি আরবসহ কয়েকটি দেশের আপত্তির কারণে চূড়ান্ত সিদ্ধান্তে এ ভাষা কতটা থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আর্গাসের ১৬ নভেম্বরের প্রতিবেদনেও বলা হয়েছিল, সৌদি আরব, রাশিয়া ও আরব গ্রুপ খসড়া সিদ্ধান্তের বিভিন্ন অংশের বিরোধিতা করেছে। বিশেষ করে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নতুন বৈশ্বিক লক্ষ্যমাত্রা নির্ধারণে তাদের আপত্তি রয়েছে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওপেকের মহাসচিব হাইথাম আল-ঘাইস বলেন, বিদ্যুতায়ন বাড়াতে গেলেও জীবাশ্ম জ্বালানির প্রয়োজন থাকবে। তার যুক্তি, বিদ্যুৎ গ্রিড সম্প্রসারণে তেলজাত পণ্য প্রয়োজন, ভারী যন্ত্রপাতি পরিচালনায় ডিজেল ব্যবহৃত হয়, বিদ্যুতায়নের সঙ্গে সাইবার নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের ঝুঁকিও রয়েছে। এ ছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের জ্বালানির প্রয়োজন। এটি সৌদি আরবের অবস্থানের পক্ষের যুক্তি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, অ্যান্টিগুয়া ও বারবুডার পরিবেশমন্ত্রী মাইকেল জোসেফ জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে স্পষ্ট প্রতিশ্রুতির পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি স্বীকার করেছেন, কপ৩১-এ এ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা কঠিন হতে পারে।

২০ নভেম্বর সম্মেলন শেষ হওয়ার কথা। ফলে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের বিষয়ে শক্তিশালী কোনো প্রতিশ্রুতি চূড়ান্ত সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করা যাবে কি না, সেটিই এখন কপ৩১-এর অন্যতম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়াটারকিপার্স অ্যালায়েন্সের বোর্ড সদস্য এবং নবায়নযোগ্য জ্বালানি এখনই ক্যাম্পেইনের এশিয়া প্রতিনিধি শরীফ জামিল বলেন, ‘সৌদি আরব তো তেল বিক্রয়কারী দেশ। কাজেই তারা জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের ফলে তাদের যে ক্ষতি হবে, তার ক্ষতিপূরণ চাইবে—এটাই স্বাভাবিক। বিশ্বকে তাদের বোঝাতে হবে, পৃথিবীর জন্য তাদেরও কিছু করা দরকার। পৃথিবীকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের যে বিকল্প নেই, তা তাদের উপলব্ধি করাতে হবে।

তারা নিশ্চয়ই ভাবছে, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ হলে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এটা ভাবাটাই স্বাভাবিক। এ জন্য তাদের জন্যও পথ তৈরি করে দিতে হবে। তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিশ্বকে সে বিষয়ে অবশ্যই আশ্বস্ত করতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে। জলবায়ু অর্থায়নের মাধ্যমেই এই ট্রানজিশন নিশ্চিত করা সম্ভব।’

এ বিষয়ে বাংলাদেশের তরুণ জলবায়ু অধিকারকর্মী ও ব্রাইটার্সের প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান সিয়াম বলেন, ‘জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায্য উত্তরণের পথে অর্থবহ অগ্রগতি বাধাগ্রস্ত করতে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভূমিকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্বের কোটি কোটি মানুষ যখন জলবায়ু বিপর্যয়ের ভয়াবহ পরিণতি মোকাবিলা করছে, তখন কোনো দেশেরই জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থকে মানবজাতির অস্তিত্ব, অধিকার ও ভবিষ্যতের ঊর্ধ্বে স্থান দেওয়ার অধিকার নেই।

কপ৩১ কোনোভাবেই দূষণকারীদের স্বার্থ রক্ষা কিংবা জলবায়ু পদক্ষেপ বিলম্বিত করার মঞ্চ হতে পারে না। আমরা জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণের জন্য বিজ্ঞানভিত্তিক, সুস্পষ্ট ও সময়সীমাবদ্ধ অঙ্গীকার দাবি করছি, যার সঙ্গে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন, ন্যায্যতা ও জলবায়ু ন্যায়বিচার।

জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ ও সম্মুখসারির জনগোষ্ঠীর ভবিষ্যৎ কখনোই জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থের কাছে জিম্মি হতে পারে না।’

বিভি/কেএস/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত