• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, কৃষকদল-জাসাসের দুই নেতা নিহত

প্রকাশিত: ০৯:০৩, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
নড়াইলে বিএনপির শোভাযাত্রায় হামলা, কৃষকদল-জাসাসের দুই নেতা নিহত

নড়াইলের কালিয়ার সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বের করা শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। হামলায় কালিয়া উপজেলা কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। ওই শোভাযাত্রায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে একটি খালের কাছে এ হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ চালান এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। হামলায় কৃষকদল নেতা শাহিন, জাসাস নেতা সোহেল এবং কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২) গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শাহিন ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে খুলনায় নেওয়ার পথে প্রথমে সোহেল এবং কিছুক্ষণ পর শাহিন মারা যান।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এই ঘটনার পর কালিয়াজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিভি/অনলাইন/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত