• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কপ৩১ এর বিশেষ আকর্ষণ বাংলাদেশের পাটের তৈরি জুতা, ব্লেজারসহ ১২৯ পণ্য!

কেফায়েত শাকিল আনতালিয়া, তুরস্ক

প্রকাশিত: ১৪:১২, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ১৪:১৩, ১৯ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপ৩১ এর বিশেষ আকর্ষণ বাংলাদেশের পাটের তৈরি জুতা, ব্লেজারসহ ১২৯ পণ্য!

বাংলাদেশের পাট দিয়ে তৈরি হয়েছে উন্নত মানের ব্লেজার, জুতা, টিস্যুবক্সসহ ব্যতিক্রমী সব পণ্য। যা এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ৩১) বিশেষ আকর্ষণ ছিল পুরো বিশ্ববাসীর জন্য।

গত ৯ নভেম্বর থেকে তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনের গ্রিন জোনে প্রথমবারের মতো বাংলাদেশের পাটজাত পণ্যের প্রদর্শনী প্যাভিলিয়ন দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে প্রদর্শন করা হচ্ছে পাটের তৈরি ১২৯টি পণ্য। প্যাভিলিয়নটি পরিদর্শন করে এসব পণ্য দেখে বিস্ময় প্রকাশ করছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুট কূটনীতির অংশ হিসেবে এবার বাংলাদেশের পক্ষ থেকে বিশ্ব নেতাদের অনেককে পাটের তৈরি বিভিন্ন পণ্য উপহারও পাঠিয়েছে সরকার। এসব পণ্য পেয়ে বাংলাদেশ এবং পাটের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব নেতারা।

প্যাভিলিয়নটি ঘুরে দেখা যায়, সেখানে প্রদর্শন করা হচ্ছে পাটের তৈরি নানান রঙের ব্লেজার, কোটি, জুতা, মাদুর, ঝুড়ি, ফুলদানি, ভেনিটি ব্যাগ, টিস্যু বক্স, শিশুদের খেলনা এবং ঘর সাজানোর বিভিন্ন সৌখিন পণ্য। রাখা হয়েছে পাটের বিজও। প্রতি মুহূর্তে এই স্টল পরিদর্শনে আসতে দেখা বিশ্বের বিভিন্ন দেশ থেকে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া মানুষদের।

প্যাভিলিয়নটিতে আসা দর্শনার্থীদের অভ্যর্থনার দায়িত্ব পালন করছেন শেখ নিয়ামুল হক রাসেল। তিনি বাংলাভিশনকে বলেন, প্রতিদিন শত শত মানুষ এই প্যাভিলিয়নে ঘুরতে আসে এবং অবাক হয়ে জিজ্ঞেস করে এসব পণ্য কি সবগুলো পাটের তৈরি? আমরা হ্যাঁ বললে তারা বিস্ময় প্রকাশ করেন। পাট দিয়ে এতো কিছু বানানো সম্ভব এটা অনেকে বিশ্বাসই করতে চায় না। বার বার বিজ্ঞেস করে তুমি সত্য বলছো তো?

তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশের ব্যবসায়ী এবং এনজিওকর্মী বাংলাদেশের পাটজাত এসব পণ্য নিয়ে ব্যবসার আগ্রহও প্রকাশ করছে আমাদের প্যাভিলিয়নে এসে। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যবসায়ীদের কার্ড দিয়ে দিচ্ছি। আশা করা যায় এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের পাটের সম্ভাবনা সারা বিশ্বে বিস্তৃত হবে।

প্যাভিলিয়নে ঘুরতে আসা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসার্চ এন্ড টেকনোলজিক্যাল ইনোভেশনের সদস্য সচিব তৌহিদুল ইসলাম মাসুম বলেন, আমি বাংলাদেশের নাগরিক কিন্তু পাট দিয়ে এত পণ্য তৈরি হয় আমি জানতাম না। এটা দারুণ কূটনীতি হয়েছে। আমরা বাংলাদেশের এমন স্মার্ট উদ্যোগের ধারাবাহিকতা দেখতে চাই।

আইক্যাডের তরুণ প্রতিনিধি এবং লাল সবুজ সোসাইটির সাধারণ সম্পাদক আল মামুন রাকিব বলেন, আমি প্যাভিলিয়নটা দেখতে এলাম। আমি থাকা অবস্থায় দেখলাম অনেকে আমাদের এই প্যাভিলিয়নে আসছেন এবং জানতে চাচ্ছেন। আমি নিজেও কয়েকজনের সঙ্গে কথা বললাম। বাংলাদেশের পাটজাত পণ্য নিয়ে বিশ্ববাসীর আগ্রহ দেখে গর্ববোধ করছি। বিশেষ করে বিদেশের মাটিতে এসে পণ্যের গায়ে মেড ইন বাংলাদেশ দেখার মজাই অন্যরকম। সরকারকে বলবো, এই ধারা অব্যাহত রাখুন। পাট অনেক বড় সম্ভাবনা নিয়ে আসবে বলে মনে হচ্ছে।

এর আগে গত ১২ নভেম্বর বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রদর্শিত ১২৯ ধরনের পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী নিজেও। এ সময় তিনি প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন। পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত