• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে কর্তৃপক্ষের চিঠি

প্রকাশিত: ০১:১৭, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে কর্তৃপক্ষের চিঠি

ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং টহল বাড়াতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (সিনিয়র জেল সুপার) হালিমা খাতুন স্বাক্ষরিত একটি আবেদন গাজীপুরের জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কাশিমপুর কারা ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। এসব কারাগারে বর্তমানে রাজনৈতিক বন্দিসহ বিভিন্ন শ্রেণির প্রায় ১২ হাজার বন্দি অবস্থান করছেন। কারাগারকে সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান বিবেচনায় এর নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছে কর্তৃপক্ষ।

এ লক্ষ্যে কারা ক্যাম্পাসে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়মিত টহল বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

আবেদনে বলা হয়, বুধবার গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সহায়তা চেয়ে আবেদন করেছে কারা কর্তৃপক্ষ।

চিঠিটি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আরও আটটি দফতরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে কারা অধিদফতরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল যুগান্তরকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা জোরদারের বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বলে জেলা প্রশাসকের কার্যালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলায় বিজিবি, এসআরবি ও আনসারের ৩২ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন। কারা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলার সব কারাগারে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত