খাদ্য নিরাপত্তার পাশাপাশি অধিকার নিশ্চিতের আহ্বান কপ৩১-এ
খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাবার, বীজ, মাটি, পানি এবং জমির ওপর মানুষের অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছে চেঞ্জ ইনিশিয়েটিভ। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ ১৮ নভেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত হলেই খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় না। খাদ্যের পুষ্টিমান, দূষণ এবং উৎপাদনের প্রাকৃতিক সম্পদের ওপর কৃষকের নিয়ন্ত্রণও বিবেচনায় নিতে হবে।
‘বিয়ন্ড ফুড সিকিউরিটি: দ্য ন্যাচারাল রাইট টু ফুড অ্যান্ড গ্লোবাল সারভাইভাল’ শীর্ষক উপস্থাপনায় চেঞ্জ ইনিশিয়েটিভের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, প্রচলিত খাদ্য নিরাপত্তা সূচকে খাদ্যের পরিমাণ বিবেচনা করা হলেও দূষণ, পুষ্টিগুণের ঘাটতি এবং উৎপাদনের উপকরণের ওপর মানুষের নিয়ন্ত্রণ হারানোর বিষয়গুলো যথাযথভাবে উঠে আসে না।
জাতিসংঘের ২০২৬ সালের খাদ্য নিরাপত্তা ও পুষ্টিবিষয়ক প্রতিবেদন উদ্ধৃত করে তিনি জানান, ২০২৫ সালে বিশ্বে ৬৪ কোটি ৫০ লাখ মানুষ ক্ষুধার মুখে ছিল। আর প্রায় ২৭০ কোটি মানুষ স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য রাখেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ২০২১ সালে অনিরাপদ খাবারের কারণে ৮৬ কোটি ৬০ লাখ মানুষ অসুস্থ এবং প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়।
সংবাদ সম্মেলনে খাদ্যের প্রাকৃতিক অধিকার ঝুঁকি সূচকের একটি প্রাথমিক সংস্করণও তুলে ধরা হয়। এতে বাংলাদেশকে পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, ইথিওপিয়া, মিসর ও সিরিয়ার সঙ্গে কাঠামোগত ঝুঁকির দেশের তালিকায় রাখা হয়েছে। সংস্থাটির মতে, খাদ্যের পর্যাপ্ততা, নিরাপত্তা, পুষ্টিমান এবং উৎপাদন উপকরণের ওপর নিয়ন্ত্রণ—এই চারটি বিষয় বিবেচনায় নিতে হবে।
বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরে গঙ্গা নদীর পলি ও পুষ্টি উপাদানের প্রবাহ নিশ্চিত করতে ভারত-বাংলাদেশ পানি বণ্টন চুক্তি নবায়নের আলোচনায় বিশেষ প্রটোকল যুক্ত করার প্রস্তাব দেন জাকির হোসেন খান। তাঁর মতে, নদীর পলি কৃষিজমির প্রাকৃতিক উর্বরতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উজানে পলি আটকে দেওয়া হলে ভাটির দেশগুলোর কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে।
এদিকে, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর খাদ্য অধিকার তুলে ধরে মালেয়া ফাউন্ডেশনের দায়াং ত্রিপুরা বলেন, খাদ্যের সঙ্গে আদিবাসীদের ভূমি, বন, পানি, নিজস্ব বীজ ও ঐতিহ্যবাহী জ্ঞান জড়িত। জুম চাষসহ ঐতিহ্যবাহী কৃষিব্যবস্থা জলবায়ু পরিবর্তন ও ভূমিতে প্রবেশাধিকার সংকুচিত হওয়ার কারণে চাপে পড়ছে।
সংবাদ সম্মেলনে খাদ্য উৎপাদনের প্রাকৃতিক সম্পদ রক্ষা, কৃষকের বীজের অধিকার নিশ্চিত, পুষ্টি উপাদানের ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং আমদানিনির্ভর দেশগুলোর খাদ্য ও সার সরবরাহ সুরক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনটি চেঞ্জ ইনিশিয়েটিভ ও মালেয়া ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করে।
বিভি/কেএস/এআই













মন্তব্য করুন: