• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পার্বত্য চট্টগ্রামে জলবায়ু সংকট ও স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজনের

কেফায়েত শাকিল, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশিত: ১০:৫৮, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পার্বত্য চট্টগ্রামে জলবায়ু সংকট ও স্থানীয় নেতৃত্বাধীন অভিযোজনের

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম ক্রমবর্ধমান সংকটের মুখোমুখি। পানির সংকট, বন উজাড়, অনিয়মিত বৃষ্টিপাত, পাহাড়ধস, আকস্মিক বন্যা এবং জীবিকার পরিবর্তনের ফলে স্থানীয় জনগোষ্ঠী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক মানুষ জীবিকা ও পানির সংকটের কারণে পাহাড় ছেড়ে সমতলে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছেন।

পাশাপাশি, ইটভাটাসহ বিভিন্ন দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের পরিবেশগত প্রভাব, যথাযথ লাইসেন্সিং ও পরিবেশগত নিয়ন্ত্রণের ঘাটতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহির অভাব উদ্বেগজনক। এসব বিষয়ে জনসচেতনতা থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপের অভাব দৃশ্যমান বলে মন্তব্য করেছেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসার্চ এন্ড টেকনোলজিক্যাল ইনোভেশনের সদস্য সচিব ও গ্লোবাল ইয়ুথ প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা  মো. তহীদুল ইসলাম মাছুম।

তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১) এর ইন্টান্যাশনাল ইয়্যুথ নিউক্লিয়ার কংগ্রেস প্যাভিলিয়নে সংস্থাটির আয়োজিত এনার্জি এন্ড নেচার শীর্ষক এক সাইড ইভেন্টে তিনি এ দাবি জানান।

তহীদুল ইসলাম মাছুম বলেন, “চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় মানুষের অভিজ্ঞতা ও মতামতকে নীতিনির্ধারণের কেন্দ্রে আনতে হবে। শুধু সচেতনতা নয়, পরিবেশদূষণ রোধ, কার্যকর নজরদারি এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি।একই সঙ্গে জলবায়ু অর্থায়ন বিকেন্দ্রীকরণ করতে হবে। কেন্দ্রীয় পর্যায়ে অর্থ বরাদ্দ ও প্রকল্প পরিকল্পনার সময় স্থানীয় প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয় এবং কমিউনিটি সংগঠনগুলোর সঙ্গে যথাযথ পরামর্শ করা হয় না। ফলে অনেক প্রকল্প স্থানীয় বাস্তবতা ও মানুষের প্রকৃত চাহিদা অনুযায়ী বাস্তবায়িত হয় না।

তিনি আরও বলেন, স্থানীয় জনগোষ্ঠী ও প্রতিষ্ঠানকে শুধু প্রকল্পের সুবিধাভোগী নয়, বরং পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের অংশীদার করতে হবে।”

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও জলবায়ু সমস্যা সমাধানে ৫ দফা দাবিও তুলে ধরেন তিনি। দাবিগুলো হলো-

* চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে পানির নিরাপত্তা, বন সংরক্ষণ ও জলবায়ু অভিযোজন নিশ্চিত করা।
* জলবায়ুজনিত অভিবাসন ও স্থানীয় জীবিকার সংকট মোকাবিলায় কার্যকর নীতি গ্রহণ।
* ইটভাটাসহ দূষণকারী শিল্পের পরিবেশগত নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করা।
* জলবায়ু অর্থায়ন বিকেন্দ্রীকরণ করে স্থানীয় প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।
* জলবায়ু প্রকল্পের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দেওয়া।
 

বিভি/এআই

মন্তব্য করুন: