• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

কপ৩১: ন্যায্য রূপান্তরে বৈশ্বিক কাঠামো ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ

কেফায়েত শাকিল আনতালিয়া, তুরস্ক

প্রকাশিত: ১২:৪৩, ২০ নভেম্বর ২০২৬

আপডেট: ১২:৪৮, ২০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপ৩১: ন্যায্য রূপান্তরে বৈশ্বিক কাঠামো ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন চায় বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে কপ৩১-এর এক আলোচনায় বক্তারা বাংলাদেশের ন্যায্য রূপান্তর কর্মপরিকল্পনা বাস্তবায়নে অর্থ ও কারিগরি সহায়তা চেয়েছেন। সরকারের হিসাবে, পরিকল্পনাটি বাস্তবায়নে ১৮৫ কোটি মার্কিন ডলার ব্যয় হবে।

বাংলাদেশ প্যাভিলিয়নে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাস্ট ট্রানজিশন বাংলাদেশ সেন্টার (জেটিবিসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মুকিত মজুমদার বাবু।

জেটিবিসির ট্রাস্টি ড. এস এম মোর্শেদ ন্যায্য রূপান্তরে বাংলাদেশের অঙ্গীকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

আলোচনায় আরও বক্তব্য দেন আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) বৈশ্বিক জলবায়ু নীতি সমন্বয়ক বার্ট দে ওয়েল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ধরিত্রী কুমার সরকার এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান।

‘এনডিসি ৩-এ ন্যায্য রূপান্তর: বাংলাদেশে অঙ্গীকার থেকে বাস্তবায়ন’ শীর্ষক আলোচনায় বক্তারা জানান, বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদানে (এনডিসি ৩.০) ন্যায্য রূপান্তর নিয়ে একটি পূর্ণাঙ্গ অধ্যায় রয়েছে। এতে ছয়টি খাতে ৬৯টি কার্যক্রম নির্ধারণ করা হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে বক্তারা সামাজিক সংলাপ ও খাতভিত্তিক পথনকশা তৈরির ওপর জোর দেন। অগ্রগতি পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করারও আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, কম কার্বননির্ভর অর্থনীতিতে রূপান্তরের সময় নির্মাণ, প্রচলিত পরিবহন ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবিকা সুরক্ষায় বিশেষ নজর দিতে হবে। পরিকল্পনার লক্ষ্য শোভন কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য কমানো এবং ঝুঁকিতে থাকা মানুষের জীবিকা রক্ষা। এ জন্য সরকার ও উন্নয়ন সহযোগীদের জলবায়ু অর্থায়নে পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখার আহ্বান জানান তারা।

সামাজিক সুরক্ষার আওতা বাড়ানো এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা। সবুজ কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জনে তারা প্রশিক্ষণের জন্য বরাদ্দ চেয়েছেন, বিশেষ করে তৈরি পোশাকশ্রমিকদের জন্য। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণও তাদের দাবি।

কপ৩১-এর আলোচনায় বাংলাদেশ ন্যায্য রূপান্তরের জন্য একটি আনুষ্ঠানিক বৈশ্বিক কাঠামো চায়। বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী, এই কাঠামোর মাধ্যমে দেশগুলো নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে কারিগরি সহায়তা ও অনুদানভিত্তিক অর্থায়ন পাবে। তবে কাঠামোটি কীভাবে পরিচালিত হবে এবং অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে আলোচকদের মধ্যে এখনো মতভেদ রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: