• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্পের কনফারেন্স সেশন হলো নেপালের পোখরা বিশ্ববিদ্যালয়ে

কেফায়েত শাকিল, পোখরা, নেপাল

প্রকাশিত: ২২:২৩, ৯ জুলাই ২০২৬

আপডেট: ২২:২৫, ৯ জুলাই ২০২৬

ফন্ট সাইজ
আন্তর্জাতিক ক্লাইমেট ক্যাম্পের কনফারেন্স সেশন হলো নেপালের পোখরা বিশ্ববিদ্যালয়ে

নেপালের পোখরা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ২য় ইন্টারন্যাশনাল ক্লাইমেট ক্যাম্প ২০২৬-এর কনফারেন্স সেশন। ৫ দিনব্যাপী ক্যাম্পের তৃতীয় দিনে আয়োজিত কনফারেন্স ও প্যানেল আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, হিমালয় অঞ্চলের প্রতিবেশ সংরক্ষণ এবং তরুণদের নেতৃত্বে স্থানীয় পর্যায়ে কার্যকর জলবায়ু উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা।

দিনব্যাপী আয়োজিত দুটি উচ্চপর্যায়ের প্লেনারি সেশনে বাংলাদেশ, নেপাল, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, উন্নয়নকর্মী, নীতিনির্ধারক এবং তরুণ জলবায়ু নেতারা অংশ নেন।

‘Climate Action in the Himalayas and Beyond’ শিরোনামে দিনের প্রথম প্ল্যানারি সেশনে আলোচনা হয় হিমালয় থেকে শুরু করে সমুদ্র পর্যন্ত পুরো অঞ্চলের জলবায়ু সংকট মোকাবিলায় করণীয় নিয়ে। সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের সম্প্রতি প্রকল্পের টিম লিডার মো. আবুল বাসারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ড. শরীফ নাফে আস-সাবের, রুরাল রিকনস্ট্রাকশন নেপালের নির্বাহী পরিচালক নেত্র প্রসাদ তিমসিনা, পাকিস্তানের পলিসি রিসার্চ ইনস্টিটিউট ফর ইকুইটেবল ডেভেলপমেন্ট (PRIED)-এর নির্বাহী পরিচালক বদর আলম, নেপালের উদ্যোক্তা তুলসি গিরি, বিশ্বব্যাংক বাংলাদেশের সোশ্যাল স্পেশালিস্ট খালেদা ইয়াসমিন, NTNC-ACAP-এর কনজারভেশন অফিসার ও জলবায়ু বিশেষজ্ঞ রাজন পাউডেল এবং জাতিসংঘ মহাসচিবের ইয়ুথ অ্যাডভাইজর অন ক্লাইমেট চেঞ্জ ফারজানা ফারুক ঝুমু।

আলোচনায় হিন্দুকুশ-হিমালয় অঞ্চলের হিমবাহ গলন, সীমান্তবর্তী নদী অববাহিকার ঝুঁকি, জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং দক্ষিণ এশিয়ায় সমন্বিত নীতি ও আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

‘Global Partnerships for Local Impact’ শিরোনামে পরবর্তী সেশনে সঞ্চালকের দায়িত্ব পালন করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার। এতে আলোচনায় অংশ নেন ব্র্যাক ইউনিভার্সিটির অ্যালামনাই রিলেশনস ম্যানেজার ফরহাদ হোসেন, সাউথ এশিয়া ইউনিভার্সিটির শিক্ষক রুবাইয়া নাসরিন সেজুতি, পোখরা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ঋষিকেশ পাণ্ডে, পাকিস্তানের এমপাওয়ারিং হ্যান্ডসের প্রধান নির্বাহী নাদির আলী খান, LEDARS-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল এবং পোখরা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. অর্জুন থাপা।

এই সেশনে আন্তর্জাতিক জলবায়ু নীতি ও বৈশ্বিক অংশীদারিত্বকে কীভাবে স্থানীয় পর্যায়ের বাস্তবসম্মত উদ্যোগে রূপ দেওয়া যায়, সে বিষয়ে বিভিন্ন অভিজ্ঞতা ও কৌশল তুলে ধরা হয়।

প্লেনারি সেশন শেষে অংশগ্রহণকারীদের পাঁচটি থিমভিত্তিক দলে ভাগ করে অ্যাকশন ল্যাব পরিচালনা করা হয়। প্রতিটি দল নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করে সমস্যা, সম্ভাবনা ও সমাধানভিত্তিক সুপারিশসহ একটি উপস্থাপনা (Presentation) প্রস্তুত ও উপস্থাপন করে। এসব উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জলবায়ু কর্মপরিকল্পনা প্রণয়নের দক্ষতা অর্জনের সুযোগ পান।

আয়োজকরা জানান, অ্যাকশন ল্যাবে অংশগ্রহণকারীদের উপস্থাপনা, নেতৃত্ব, দলগত কাজ এবং উদ্ভাবনী ধারণার ভিত্তিতে নির্বাচিত তরুণদের ক্লাইমেট ফেলোশিপ প্রদান করা হবে।

এর আগে সকালে সেমিনারের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। এতে ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তনের এই অভিঘাত থেকে বিশ্বকে রক্ষা করতে হলে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর অন্যতম বৃহৎ সমাধান হতে পারে। এটা পুরো বিশ্বের তরুণরা বিশ্বাস করে, নাগরিক সমাজের নেতৃবৃন্দ বিশ্বাস করেন, নীতিনির্ধারকটাও বিশ্বাস করেন। এখন শুধু প্রয়োজন আন্তরিকতা। এখন প্রয়োজন বাধ্য করা।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব ডান্ডির জ্যেষ্ঠ প্রভাষক এবং ব্লিঙ্কস ইনস্টিটিউট ফর সাসটেইনেবিলিটির পরিচালক ড. নন্দন মুখার্জী বলেন, আমরা যে পরিমান গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করেছি সেটি থেকে এখন পৃথিবীকে আবার পূর্বের অবস্থানে ফেরাতে হলে জনপ্রতি অন্তত ৩০০টি বৃক্ষরোপন করতে হবে। বিশ্ববাসীকে এ বিষয়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ববাসীকে বুঝিয়ে দিতে হবে, পৃথিবীকে বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিত্থিইয়ার এর  উপপরিচালক মোছা. শারমিন নাহার নিপা ও রৌফা খানমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পোখরা ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. বিনয় কুমার মিশ্র, বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. দীপাঞ্জল শ্রেষ্ঠ, মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি, গ্লোবাল ইয়ুথ প্ল্যাটফর্মের নির্বাহী পরিচালক তাহিদুল ইসলাম মাসুম, অক্রিডস (OCREEDS) এর     আন্তর্জাতিক বিশেষজ্ঞ পরামর্শক মোলিনা খানাল,     অক্সফাম বাংলাদেশের পরিচালক (অ্যাডভোকেসি, মিডিয়া ও কমিউনিকেশন) শরিফুল ইসলাম, নেপালের আরআরএন এর নির্বাহী পরিচালক নেত্র প্রসাদ তিমসিনা,    সাসটেইনেবিলিটি অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেড (SRCL) এর ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের চৌধুরী ও ভারতের স্বাধীন নগর উন্নয়ন উপদেষ্টা স্থপতি সিদ্ধি মেহতা প্রমুখ।

সমাপনি বক্তব্যে পোখরা ইউনিভার্সিটির সাইন্স ফ্যাকাল্ট্রির ডিন ড. রাজেশ কুমার বলেন, ক্লাইমেট ক্যাম্প আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমি মনে করি এ ধরনের কর্মসূচি আমাদেরকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যোগ্য ও এক্যবদ্ধ করে তুলবে। আমরা এই কর্মসূচির জন্য অভিজ্ঞতা বিনিময়ের অপার সুযোগ দেখছি। আমরা চাই আমাদের মধ্যে জলবায়ুর শিক্ষার সুযোগগুলো বিনিময় হোক। ইতোমধ্যে এই ক্যাম্প সেই সুযোগ তৈরি করে দিয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত