পাখির আলোকচর্চার সঙ্গে প্রকৃতি সংরক্ষণের বার্তা
আলোকচিত্রের চর্চা, পাখি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতি সংরক্ষণে আলোকচিত্রের ভূমিকা তুলে ধরার লক্ষ্যে Environmental Photographic Society (EPS)-এর উদ্যোগে ‘Capturing Wings: Introduction to Bird Photography & Conservation Workshop’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০৩ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় ৩৫ জন আলোকচিত্রী ও আলোকচিত্রে আগ্রহী অংশগ্রহণকারী অংশ নেন। কর্মশালার রিসোর্স পারসন ছিলেন আলোকচিত্রী মনিরুল ইসলাম। Environmental Photographic Society (EPS)-এর সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ সুমনের সঞ্চালনায় কর্মশালার সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি কাউসার হাবিব সোমেল।
কর্মশালায় পাখি আলোকচিত্রের প্রাথমিক ধারণা ও কৌশল, পাখির আচরণ পর্যবেক্ষণ, ছবি তোলার প্রস্তুতি, আলো ও পরিবেশের ব্যবহার এবং মাঠপর্যায়ে পাখির ছবি ধারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পাখির আবাসস্থল, জীববৈচিত্র্য এবং প্রকৃতি সংরক্ষণের সঙ্গে আলোকচিত্রের সম্পর্ক নিয়েও আলোচনা হয়।
কর্মশালায় পাখির ছবি তোলার ক্ষেত্রে দায়িত্বশীল ও সচেতন আলোকচর্চার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাখির স্বাভাবিক আচরণ ও জীবনযাত্রায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সচেতন থেকে আলোকচিত্র ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্যের গল্প মানুষের কাছে পৌঁছে দিতে আলোকচিত্রকে একটি কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কর্মশালার শেষে আয়োজিত সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন পরিবেশবিদ এবং পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠন ‘পরিবেশ বাঁচাও আন্দোলন’ (পবা)-এর চেয়ারম্যান আবু নাসের খান এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) সাবেক সভাপতি আশফাক আহমেদ।

‘Capturing Wings’ কর্মশালার মাধ্যমে পাখি আলোকচর্চার পাশাপাশি প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরির একটি সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। পাখিকে জানা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রকৃতিকে জানার আগ্রহ তৈরি করা এবং আলোকচিত্রের মাধ্যমে সংরক্ষণচেতনা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিভি/টিটি













মন্তব্য করুন: