বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় থাকা কে এই দুই বাংলাদেশি নারী?
ড. হামিদা হোসেন (বায়ে) ও আইনজীবী রাজিয়া সুলতানা
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবার স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাকে অন্তর্ভুক্ত করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)।
শুধু তাই নয়, সম্প্রতি প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের আরও দুজন নারী স্থান পেয়েছেন। তারা হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। দুজনকেই সামাজিক বিষয়াবলি বিভাগে রাখা হয়েছে। প্রকাশনার ওয়েবসাইটের দেশভিত্তিক সূচিতে বাংলাদেশ থেকে এই তিনজনের নাম রয়েছে। এ দুজন নারী গত বছরও ছিলেন এই তালিকায়।
ড. হামিদা হোসেন
প্রভাবশালী মুসলিমের তালিকার মতে, ড. হামিদা হোসেন বাংলাদেশ ও বিশ্বজুড়ে মানবাধিকার এবং নারী বিষয়ক অনেক বই এবং নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (এএসকে)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিচিত। এটি একটি আইনি সহায়তা এবং মানবাধিকার সংস্থা। হামিদা হোসেন ২০২১ সালে বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (বিডিআই) আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন।
ড. হামিদা হোসেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে ১৯৩৬ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার বাবা আব্দুল্লাহ শফি মোহাম্মদ আকন্দ ছিলেন একজন বিচারক। তাদের পারিবারিক উপাধি ছিল ‘আকন্দ’। হামিদা হোসেনের মা তুরস্কে বড় হয়েছেন এবং ১৬ বছর বয়সে বিবাহের পর বাংলাদেশে ফিরে আসেন। বাবা-মায়ের ছয় সন্তানের মধ্যে হামিদা সবার কনিষ্ঠ।
১৯৬২ সালে একবার বাংলাদেশে বেড়াতে এসেছিলেন, কিন্তু স্থায়ীভাবে এ দেশে ফিরে আসেন ১৯৬৫ সালে হামিদা। তিনি ১৯৬৫ সালে বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ড. কামাল হোসেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ড. কামাল বাংলাদেশের গণফোরাম রাজনৈতিক দলের একজন সভাপতি। তাদের একমাত্র কন্যা সারা হোসেন, যিনি পেশায় একজন আইনজীবী ও লেখক।
১৯৬৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে, অর্থনীতিবিদ রেহমান সোবহানের সঙ্গে তিনি ইংরেজি ভাষায় মাসিক বর্তমান বিষয়াবলি পত্রিকা ফোরাম প্রতিষ্ঠিত করেন। ১৯৭১ সালে মাত্র চার বছরের মাথায় পত্রিকাটি বন্ধ হয়ে যায়। হামিদা হোসেন মাত্র তিন বছর পর্যন্ত কারিকার মহাসচিব হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশে যারা বর্তমানে মানবাধিকার নিয়ে কাজ করছেন, তিনি তাদের মধ্যে শীর্ষস্থানীয় নেত্রী হিসেবে গণ্য।
হামিদা হোসেন হলেন সেন্টার ফর সেকুলার স্পেস-এর পরিচালনা পর্ষদের একজন সদস্য। নারী অধিকার এবং মানবাধিকার নিয়ে কাজ করার জন্য ‘অনন্যা শীর্ষ দশ’ পুরস্কারে ভূষিত হন তিনি।
আইনজীবী রাজিয়া সুলতানা
প্রভাবশালী মুসলিম তালিকায় রাজিয়া সুলতানা একজন বাংলাদেশী আইনজীবী হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি একজন মানবাধিকার কর্মী। রোহিঙ্গা জনগণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন রাজিয়া। তিনি একাধারে শত শত রোহিঙ্গা নারীর সাক্ষাৎকার নিয়েছেন এবং বার্মিজ নিরাপত্তা বাহিনীর দ্বারা তাদের যৌন সহিংসতার বিবরণ প্রকাশ করেছেন।
আইনজীবী রাজিয়া ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন (এফআরসি)-এর একজন সমন্বয়কারী এবং আরাকান রোহিঙ্গা জাতীয় সংস্থার (এআরএনও)-এর নারী বিভাগের পরিচালক এবং রোহিঙ্গা নারী কল্যাণের প্রতিষ্ঠাতা। তিনি ২০১৯ সালের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার জিতেছেন।
এদিকে ওইমেন পিস সিকিউরিটি অরগানাইজেশন রাজিয়া সুলতানাকে একজন রোহিঙ্গা আইনজীবী, গবেষক এবং শিক্ষিকা হিসেবে উল্লেখ করেছে। রাজিয়া রাখাইন রাজ্যের মগদোতে জন্মগ্রহণ করেন এবং বর্তমানে বাংলাদেশে আইন পেশায় নিয়োজিত। তিনি বাংলাদেশের শরণার্থী শিবিরে রোহিঙ্গা নারী ও মেয়েদের নিয়ে কাজ করছেন এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা নারী ও মেয়েদের গল্প লিপিবদ্ধ করছেন।
তিনি দুটি প্রতিবেদন প্রকাশ করেছেন, একটি ২০১৭ সালে এবং সর্বশেষ একটি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে; যেখানে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ চলাকালীন যৌন সহিংসতার ব্যাপক ও পদ্ধতিগত ব্যবহার উন্মোচিত হয়েছে। তিনি কালান্দান প্রেসের একজন সিনিয়র গবেষক।
এ বছরের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকার শীর্ষ দশে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ইসলামি চিন্তাবিদ ও মুফতি শেখ মুহাম্মদ তাকী উসমানি, দারুল মুস্তাফার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আল-হাবিব উমর বিন হাফিজ, আল-আজহারের গ্র্যান্ড ইমাম শেখ ড. আহমদ মুহাম্মদ আল-তাইয়েব ও মুসলিম সমাজে শান্তি প্রতিষ্ঠার ফোরামের সভাপতি শেখ আবদুল্লাহ বিন বায়্যাহ।
উল্লেখ্য, ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার’ ২০০৯ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে রাজনীতি, ধর্ম, সমাজসেবা, সংস্কৃতি, অর্থনীতি ও মিডিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের এই তালিকা প্রকাশ করে আসছে।
উল্লেখ্য, ‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের বিভিন্ন ক্ষেত্রে অবদান ও প্রভাব বিবেচনা করে অন্তর্ভুক্ত করা হয়। তালিকার শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। অন্যদিকে, বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রম ছাড়াই ১৩টি বিভাগে ভাগ করে উপস্থাপন করা হয়। ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের তিনজনই এই ৪৫০ জনের তালিকায় রয়েছেন; তাদের কারও জন্য নির্দিষ্ট অবস্থান বা র্যাঙ্ক উল্লেখ করা হয়নি।
বিভি/এজেড













মন্তব্য করুন: