সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় অভিযোগ নেতাদের
বিএনপির নেতারা বলেছেন, সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়। তবে জুলুম- নির্যাতন করে বিরোধী দলকে শেষ করা যাবে না। তাদের অভিযোগ, সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অধিকার হরণ করেছে পার্শ্ববর্তী দেশকে খুশি করতে। তাদের জন্যই ইফতার বন্ধ রেখেছে সরকার।
জাতীয়তাবাদী যুবদলের সদ্য কারামুক্ত সহ-সভাপতি রেজাউল করিম পলকে দেখতে ধানমণ্ডির বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি অভিযোগ করেন, জুলুম-নির্যাতন করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায় সরকার। ক্ষমতাসীনরা বিএনপিকে নিয়ে এতো আতঙ্কিত কেন? প্রশ্ন এই বিএনপি নেতার।
এদিকে, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ টের পেয়েই আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রাখে সরকার। ক্ষমতাসীনরা মানুষের ধর্মীয় অধিকার হরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
বনজঙ্গলের আইন দিয়ে দেশ চলছে অভিযোগ করে, বিএনপি নেতারা বলেন কারাগারে বন্দি বিএনপি নেতা-কর্মীদের ওপর এখনো নির্যাতন চলছে।
বিভি/রিসি













মন্তব্য করুন: