নিজের নির্বাচনী অফিসে খালেদা জিয়ার প্রতীকী দেয়াল চিত্র আঁকালেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
ভোটের হাওয়া বইছে রাজধানীজুড়ে। সেই হাওয়ায় এখন সবচেয়ে উত্তপ্ত ঢাকা-৮ নির্বাচনী এলাকা। সোমবার সকাল থেকেই কর্মী-সমর্থকদের বিশাল বহর নিয়ে রাজপথে ব্যস্ত সময় পার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। গণসংযোগ, পথসভা আর প্রতিপক্ষের বিরুদ্ধে তীক্ষ্ণ অভিযোগের মধ্য দিয়ে দিনভর আলোচনায় ছিলেন তিনি।
মাঠ চষে বেড়াচ্ছেন পাটওয়ারী
মতিঝিলের বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে কমলাপুর ও মালিবাগের অলিগলি চষে বেড়ান নাসীরুদ্দীন পাটওয়ারী। ১১ দলীয় জোটের শরিক দল, বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে। ভোটারদের হাতে লিফলেট তুলে দেওয়ার পাশাপাশি ‘গণভোট’ নিয়ে ভোটারদের সচেতন করতে দেখা গেছে জোটের কর্মীদের।
নির্বাচনী অফিসে ‘খালেদা জিয়া’র কার্ড
প্রচারে সবচেয়ে বড় চমক ছিলো নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী অফিস। অফিসের দেওয়ালে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশালাকার ‘ওয়াল আর্ট’ বা প্রতিকৃতি। যা এখন টক অব দ্য টাউন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি অধ্যুষিত এই এলাকায় সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সহানুভূতি পেতেই কৌশলে এই প্রতীকী দেওয়াল চিত্র ব্যবহার করা হয়েছে।
মির্জা আব্বাসের বিরুদ্ধে ‘চাঁদাবাজি’র অভিযোগ
পথসভাগুলোতে নাসীরুদ্দীন পাটওয়ারীর তীরের লক্ষ্য ছিলো তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিএনপি নেতা মির্জা আব্বাস। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, এলাকায় এখনো চাঁদাবাজি ও গডফাদার কালচার জিইয়ে রাখার চেষ্টা চলছে। বিগত কয়েক দিনে আমার ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তার পেছনে মির্জা আব্বাসের অনুসারীরাই দায়ী।
পাশাপাশি নির্বাচন কমিশনের (ইসি) নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে কমিশন এখনো কার্যকর কোনো ভূমিকা নিতে পারছে না।
‘এলাকার সন্তান’ প্রশ্নে সরাসরি জবাব
গণসংযোগের সময় মালিবাগ ও মতিঝিলের ভোটাররা তাকে সরাসরি প্রশ্ন করেন, তিনি এলাকার সন্তান কি না বা স্থানীয় সমস্যাগুলো তিনি কতোটা জানেন। এর জবাবে পাটওয়ারী অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঢাকা-৮ আসনকে আধুনিক ও চাঁদাবাজমুক্ত একটি এলাকা হিসেবে গড়ে তুলবেন।
বিভি/এআই



মন্তব্য করুন: