জামায়াত প্রার্থীর হাতে প্লাস্টিকের সঞ্চয় বাক্স তুলে দিলেন স্কুল শিক্ষার্থী
ছবি: সংগৃহীত
রাজনীতিতে আবেগের চোরাস্রোত যে কখন কাকে ছুঁয়ে যায়, তা বলা কঠিন। কখনও সেই আবেগের কেন্দ্রে থাকেন দাপুটে ঝানু নেতা, আবার কখনো স্রেফ এক ক্ষুদে ভক্তের সারল্য।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এলাকায় নির্বাচনী জনসভায় সেই আবেগেরই এক বিরল কোলাজ দেখল জনতা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, এবার ভোটার-ভক্তের তিলে তিলে জমানো মাটির ব্যাংকের স্বত্বাধিকারী হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
জনসভার ভিড় ঠেলে মঞ্চের কাছে এগিয়ে এসেছিলো এক ক্ষুদে শিক্ষার্থী। পরনে স্কুল ইউনিফর্ম কিনা বোঝা দায়, কিন্তু দুই চোখে ছিলো উপচেপড়া উত্তেজনা। হাতে ধরা একটি প্লাস্টিকের সঞ্চয় বাক্স বা ‘মাটির ব্যাংক’।
জানা গেল, স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে দীর্ঘদিনের সঞ্চয় এটি। সেই জমানো পুঁজিই মঙ্গলবার সে হাসিমুখে তুলে দিল প্রিয় নেতার হাতে।
সাধারণত ভোটের ময়দানে নেতাদের থেকে প্রাপ্তির আশায় থাকেন সাধারণ মানুষ; কিন্তু ঠাকুরগাঁওয়ের এই চিত্র ছিলো উল্টো।
এর আগে বিএনপির মির্জা ফখরুলকে নিয়ে ভোটারদের এ ধরনের আবেগ দেখা গেছে। এবার সেই পদাঙ্ক অনুসরণ করেই জামায়াত নেতা দেলাওয়ার হোসেনের ঝুলিতে এলো ক্ষুদে ভক্তের ভালোবাসা।
প্লাস্টিকের সেই রঙিন বাক্সটি যখন দেলাওয়ার হোসেনের হাতে পৌঁছাল, জনসভায় তখন হাততালির রোল। নেতাও আবেগ ধরে রাখতে পারেননি। ক্ষুদে শিক্ষার্থীকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরেন তিনি। রাজনীতির রুক্ষ ময়দানে এক লহমায় যেন মিশে গেলো শৈশব আর বিশ্বাস।
উপস্থিত জনতার অনেকেই বলতে শুরু করেছেন, ভোটের লড়াই তো আছেই, কিন্তু এই যে নিঃস্বার্থ দান- এটাই সম্ভবত কোনো রাজনৈতিক কর্মীর কাছে পরম প্রাপ্তি। টিফিনের পয়সা বাঁচানো সেই সঞ্চয় আদতে কতোটা, তার চেয়ে বড় হয়ে উঠেছে ওই ক্ষুদে পড়ুয়ার ‘বড়’ মনটি।
বিভি/এআই



মন্তব্য করুন: