• NEWS PORTAL

  • রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: রিজভী

বাসস

প্রকাশিত: ২৩:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বিগত ১৭ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: রিজভী

বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু ও ধ্বংস করে জাতির মেরুদণ্ডকে দুর্বল করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার দাবি, তথ্যপ্রযুক্তি ও প্রগতির আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাংলাদেশকে পিছিয়ে রাখার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু বিগত ১৭ বছরে সেটিকে ‘প্লাস্টিকের মেরুদণ্ডে’ পরিণত করা হয়েছে। পরীক্ষা না দিয়েও কিংবা খাতায় শুধু প্রশ্ন লিখে রেখেও ওপর মহলের নির্দেশে পাস করিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, এভাবে জোর করে বেশি নম্বর দেওয়া বা পাস করিয়ে দিলে ব্যক্তি কিংবা জাতি—কারওই লাভ হয় না।

প্রযুক্তির যুগে মেধার ভিত্তিতে শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো ফল না পাওয়া বা পিছিয়ে পড়ার বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। তাঁর মতে, পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ‘ছেলেখেলা’ করা হয়েছে, এটি তারই ফল। তবে বর্তমান প্রেক্ষাপটে মেধার ভিত্তিতে প্রকৃত ফলাফল দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

নারী শিক্ষার প্রসারে বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রিজভী বলেন, নারী ক্ষমতায়নের প্রধান শর্ত শিক্ষা। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাত্রীদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যতে বিএ ও অনার্স পর্যন্ত ছাত্রীদের পড়াশোনার খরচ অবৈতনিক করার ঘোষণা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জের কৃতি শিক্ষার্থীদের একত্রিত করে সম্মাননা দেওয়ার উদ্যোগকে ‘দৃষ্টান্তমূলক কাজ’ হিসেবে উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান রিজভী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের অর্জন জীবনের নতুন অধ্যায়ের সূচনা। সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে আগামী দিনের বাংলাদেশের কাণ্ডারি হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ঢাকা-৩ আসনের শিক্ষার্থীরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজেদের মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রেখে কেরানীগঞ্জের নাম উজ্জ্বল করবে—এটাই তাদের প্রত্যাশা। একই সঙ্গে রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা-৩ আসনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: