• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

এটা মানবিক সরকার, যুবদলও আইন নিজের হাতে নেয় না: নয়ন

প্রকাশিত: ১৯:৪১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
এটা মানবিক সরকার, যুবদলও আইন নিজের হাতে নেয় না: নয়ন

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগের মধ্যে সেখানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সঙ্গে সংশ্লিষ্টরা যাতে ঢাকার কোথাও মিছিল-মিটিং করতে না পারে, সে বিষয়ে ঢাকা মহানগর যুবদলের প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নয়ন বলেন, সকালে তাদের ‘নেটওয়ার্কে’ আওয়ামী লীগের স্লোগান দিয়ে মিছিল করার বিষয়টি ধরা পড়ে। পরে যুবদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে তারা জানতে পারেন, জাসদ কার্যালয়ে জাসদ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্র হয়ে সভা করছেন।

তিনি বলেন, ‘আমরা আসার পর নিশ্চিত করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুযায়ী কোনো ধরনের জুলুম, নির্যাতন বা নিপীড়ন করা যাবে না।’

আইনশৃঙ্খলা বাহিনী তাদের থানায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে নয়ন বলেন, যুবদল এতে সহযোগিতা করছে, যাতে কেউ কারও গায়ে হাত না দেয়। তার ভাষ্য, সেখানে বয়স্ক মানুষ, নারী ও তরুণসহ অনেকে রয়েছেন। কাউকে আঘাত করা হলে দুর্ঘটনা ঘটতে পারে, সেটি এড়াতেই তারা কাজ করছেন।

নয়ন আরও বলেন, ‘এটা হলো মানবিক সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেবের সরকার। আইন নিজের হাতে তুলে নেয় না জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী যুবদল। আমরা সেদিকে লক্ষ্য রেখে এখানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে যাচ্ছি।’

এ সময় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সমালোচনা করে নয়ন দাবি করেন, ওই জোটের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ককটেল ও বোমা হামলা করছে। তিনি বলেন, বিষয়টি তারা নিজেরাও স্বীকার করেছে বলে তিনি জানেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের কেন ডাকা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন—এমন অভিযোগে নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে অবস্থান নেন।

পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় আওয়ামী লীগের গোপন বৈঠক থেকে শতাধিক নেতাকর্মীদের আটক করতে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং সেখানে অনেক বহিরাগত অবস্থান করছিলেন। কার্যালয়ে বৈঠক চলছিল বলেও সন্দেহ করা হয়। এ কারণে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চালানো হচ্ছে।

তিনি জানান, এরই মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ ও তথ্য বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযান চলমান রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত