স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুর, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা চালিয়ে সেটি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ঘটনাস্থলে রহস্যজনক একটি সাইনবোর্ড টানানোর অভিযোগও করেছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, রাতের আঁধারে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভেঙে ফেলার ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগকে নিশ্চিহ্ন করতেই কেন্দ্রটিতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
জামায়াত আমির বলেন, সরকার যখন জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, তখন একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, রাতের আঁধারে কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে একটি রহস্যজনক সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পেছনে কারা রয়েছে, তা দ্রুত শনাক্ত করে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে। পরে পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেফতারের কথা জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় স্বাস্থ্যকেন্দ্রের স্থাপনা ও বিভিন্ন সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্বাস্থ্যসেবা কার্যক্রমও বন্ধ রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: