• NEWS PORTAL

  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় সিপিবির বিক্ষোভ

রাতারাতি সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ এবং অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সিপিবির জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মার্কেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কম, তখন দেশে রাতের আঁধারে হঠাৎ করে তেলের দাম বাড়িয়ে দেওয়া অযৌক্তিক। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।

বক্তারা প্রধানমন্ত্রীর দেশে ফেরার পরপরই জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে সার ও গ্যাসের সংকট নিরসনেরও দাবি জানান বক্তারা।

জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতি বর্মন, গোলাম রব্বানী মুসা ও সাদেকুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত