ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিল করলেন দেলাওয়ার
রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম চূড়ান্ত করা হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি।
এর আগে চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।
এদিকে উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকেও প্রার্থী চূড়ান্ত হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি। তিনি এর আগে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর।
এদিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম শূণ্য ঘোষিত এ আসনটির উপনির্বাচনে ভোটগ্রহণ সহ নির্বাচনী সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটি ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার সমন্বয়ে গঠিত।
উপনির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আসনটিতে রাজনৈতিক তৎপরতা বেড়েছে। প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে দলগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সক্রিয়তা দেখা যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচারের জন্য নির্বাচন কমিশন তিনটি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিও গঠন করেছে।
এদিকে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রচার কার্যক্রম আরও আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: