• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জেলে বসেই ভাঙা বাড়ি মেরামত করাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক!

মোরশেদ আলম

প্রকাশিত: ১৯:০৪, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জেলে বসেই ভাঙা বাড়ি মেরামত করাচ্ছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক!

দুই বছরের বেশি সময় ধরে কারাগারে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এর মধ্যে রাজধানীর বনানীতে তার পৈতৃক বাড়িতে সংস্কারকাজ চলছে বলে দাবি করেছেন স্থানীয়রা। সম্প্রতি বাড়িটির বাইরে নির্মাণসামগ্রী দেখা গেছে এবং ভেতরেও সংস্কারকাজ চলার চিত্র পাওয়া গেছে। তবে কার উদ্যোগে ও কী উদ্দেশ্যে বাড়িটি সংস্কার করা হচ্ছে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

রাজধানীর অভিজাত এলাকা বনানীর ১২ নম্বর রোডে আনিসুল হকের বাবা সিরাজুল হকের দোতলা বাড়িটি অবস্থিত। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটিতে ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর দীর্ঘ সময় বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানান।

তবে গত এক মাসে বাড়িটির চিত্র বদলেছে। বাড়ির বাইরে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। পাশাপাশি কিছু নতুন মানুষের যাতায়াতও দেখা গেছে। বাড়ির ভেতরের বিভিন্ন কক্ষ ও সিঁড়ির অংশে সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হয়েছে বলে জানা গেছে।

বাড়িটির কেয়ারটেকার খায়রুল বাশার দাবি করেন, বিদেশে থাকা আনিসুল হকের ভাগনে সৌরভের ঘনিষ্ঠ আইনজীবী আসিফ রহমানের মাধ্যমে সংস্কারকাজ চলছে। সংস্কার শেষে সেখানে আইনজীবীদের চেম্বার করার কথা রয়েছে বলেও তিনি জানান।

তবে আইনজীবী আসিফ রহমান এই সংস্কারকাজে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। মুঠোফোনে তিনি বলেন, বাড়িটি শুধু আনিসুল হকের একার সম্পত্তি নয়; এটি তার বাবার সম্পত্তি। ভাঙচুরের পর পরিবারের সদস্যরাই বাড়িটি সংস্কার করছেন।

আনিসুল হকের সম্পদ নিয়ে বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একাধিক তদন্ত ও মামলা চলমান। সম্প্রতি দুদক তার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় ১৮১ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে।

এর আগে আদালতের আদেশে আনিসুল হকের বিভিন্ন সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করার বিষয়েও খবর প্রকাশিত হয়েছে।

এদিকে, বনানীর বাড়িটির সংস্কারকাজ নিয়ে প্রশ্ন উঠেছে—কার অর্থায়নে ও কী উদ্দেশ্যে এটি সংস্কার করা হচ্ছে? তবে বাড়িটির মালিকানা, সংস্কারের অর্থের উৎস এবং ভবিষ্যতে এর ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিভি/এমএ/পিএইচ

মন্তব্য করুন: