প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি মিষ্টির পদত্যাগ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে তিনি স্পীকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও জানা গেছে।
তথ্যসূত্রে জানা যায়, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ওই স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন বলে বুধবার জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মিষ্টি ওই হামলা ও ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের জমি ও ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর কার্যক্রম নিয়েও মিষ্টির নাম আলোচনায় এসেছে। গণমাধ্যমের অনুসন্ধান অনুযায়ী, ২০০৬ সালে শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার থাকাকালে তিনি ওই সমিতির সভাপতি ছিলেন। তবে বর্তমানে সমিতিটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে মিষ্টি দাবি করেছেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: