• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

তেলের দাম কমানোর দাবিতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১৩:৩৫, ১ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
তেলের দাম কমানোর দাবিতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। একই সঙ্গে দ্রুত জ্বালানি তেলের দাম কমানো এবং বাজারদর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) যথেষ্ট মুনাফা করার পরও বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে। এমনকি দাম বাড়ানোর আগে গণশুনানির প্রয়োজনও সরকার মনে করছে না বলে অভিযোগ করেন তারা।

তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ছে। এর প্রভাব পড়ছে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর। জনগণ ক্ষুব্ধ হলে এর পরিণতি ভালো হয় না বলেও মন্তব্য করেন বক্তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পর যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসেছিল, তাদের বিরুদ্ধেও লুটপাটের অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর দেশের মানুষ নতুন করে আশাবাদী হয়েছিল। কিন্তু বর্তমানে নিরাপত্তা ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষ হতাশ ও প্রতারিত বোধ করছে বলে দাবি করেন তারা।

বক্তারা দ্রুত জ্বালানি তেলের মূল্য কমানো, বাজারদর নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ওপর অর্থনৈতিক চাপ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত