ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির একক প্রার্থী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী নিয়ে জটিলতার অবসান হয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ। ফলে এ আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে থাকছেন জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।
সোমবার (৫ অক্টোবর) ওবায়দুল্লাহ মাসুদের প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে তিনি জানিয়েছিলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দলীয় প্রতীক বরাদ্দের আগে চূড়ান্ত প্রার্থীর নাম নির্বাচন কমিশনে পাঠানো হলে অন্যজন প্রার্থিতা প্রত্যাহার করবেন।
গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে বিএনপির দুই নেতাসহ মোট ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। দুই বিএনপি নেতার মনোনয়ন বৈধ হওয়ার পর দলীয় প্রতীক ‘ধানের শীষ’ কার হাতে উঠবে, তা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।
মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনই রয়েছেন। তবে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে পারবেন।
এ আসনে বিএনপির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। মাসুদের প্রত্যাহারের পর অন্যরা সরে না দাঁড়ালে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
বিভি/টিটি













মন্তব্য করুন: