কলকাতার মারা গেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ভারতের কলকাতার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য জয়নাল আবেদীন রোটনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৭টার কিছুক্ষণ পর মারা যান রোটন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রোটনের মৃত্যুর খবর জানান। পোস্টে তিনি প্রয়াত এই নেতাকে নিজের ভাই, সহযোদ্ধা ও সুখ-দুঃখের সঙ্গী হিসেবে উল্লেখ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শামীম লেখেন, এত দ্রুত রোটনকে হারাতে হবে, তা ভাবতেই কষ্ট হচ্ছে।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন।
ছাত্রলীগের রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকার পর আওয়ামী লীগের রাজনীতিতেও যুক্ত হন রোটন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিক ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি।
বিভি/টিটি













মন্তব্য করুন: