• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে ফের উত্তেজনা, বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৮:১৩, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
গোপালগঞ্জে ফের উত্তেজনা, বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে বিক্ষোভ

শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জে বিক্ষোভ করেছেন। রবিবার (১৫ নভেম্বর) দুপুরে লাঠি, বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে অবস্থান নেয়। এদিকে, চলমান পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করেছে সরকার।

বিক্ষোভের একপর্যায়ে গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙিয়ে দেন বিক্ষুব্ধরা। পরে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

এ ছাড়া প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের আক্রমণাত্মক স্লোগান দেন।

পরে বিক্ষোভকারীরা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুনও ছিঁড়ে ফেলেন তারা। এ সময় পুলিশের গাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান লিখেও বিক্ষোভ করতে দেখা যায়।

ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন বিজিবি ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বিভি/ওটিপি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত