• NEWS PORTAL

  • বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডাকলো জামায়াত

প্রকাশিত: ১৬:৩৪, ১৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
আওয়ামী সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডাকলো জামায়াত

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জামায়াতের কর্মসূচি ঘোষণা। ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর (শনিবার) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মগবাজারে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২১ নভেম্বর রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে জামায়াত। এ ছাড়া ডিসেম্বর মাসজুড়ে দলের কর্মসূচির বিস্তারিত বৃহস্পতিবার জানানো হবে।

ফ্যাসিবাদবিরোধী জনতা ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করে ফ্যাসিবাদের পুনর্বাসনের বিরুদ্ধে মাঠে নামতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারির গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয় কর্তৃত্ববাদী মানসিকতা নিয়ে দেশ পরিচালনা করছে। তার দাবি, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছিল। পরে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সনদের পক্ষে রায় দিলেও ক্ষমতাসীন দল সেই জনমত উপেক্ষা করছে। এতে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগও করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় মহাসড়কে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। কোথাও থানায় হামলা, কোথাও আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনাও ঘটেছে।

এ ছাড়া সংসদ সদস্যদের বাড়ি, দোকানপাট, সিনেমা হলসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের কথা উল্লেখ করেন তিনি। পুরোনো ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে আতঙ্ক তৈরির অভিযোগ তুলে জননিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন গোলাম পরওয়ার।

বিভি/এজেড

মন্তব্য করুন: