• NEWS PORTAL

  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬

‘আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি, বিস্ফোরণ ঘটাবেন না’—নয়নের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৯:২৩, ২১ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:২৩, ২১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
‘আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি, বিস্ফোরণ ঘটাবেন না’—নয়নের হুঁশিয়ারি

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, ‘অন্তরে যে সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি, সেখানে বিস্ফোরণ ঘটাবেন না। পুড়ে ছাই হয়ে যাবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার।’

শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে নয়ন লেখেন, নিষিদ্ধ আওয়ামী লীগকে আগেই বলা হয়েছিল, ১৯ নভেম্বর ‘লকডাউন’ বলে কিছু থাকবে না। সবকিছু স্বাভাবিক নিয়মে চলবে। বরং আওয়ামী লীগের আস্ফালন দমিয়ে দেওয়া হবে। তার দাবি, সেটি এরইমধ্যে করা হয়েছে।

বাড়াবাড়ি না করার হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও লেখেন, সাম্প্রতিক সময়ে যা দেখা গেছে, তা কেবল ট্রেলার; পুরো সিনেমা এখনও বাকি। আবার বাড়াবাড়ি করলে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নিজের অতীত নির্যাতনের কথা তুলে ধরে যুবদলের এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছিল। বৈদ্যুতিক শক দেওয়া, পায়ে গুলি করে টেনেহিঁচড়ে আদালতে নেওয়া এবং গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় ফেলে রাখার মতো ঘটনাও ঘটেছিল বলে দাবি করেন তিনি। এমনকি তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবাকেও গ্রেফতার করে নির্যাতন করা হয়েছিল বলে পোস্টে উল্লেখ করেন নয়ন।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন ও শান্তিপূর্ণ রাষ্ট্র গড়ার প্রত্যাশায় অতীতের অনেক ঘটনা ভুলে থাকার চেষ্টা করেছেন। যারা তাকে নির্যাতন করেছিলেন, তাদের বিরুদ্ধে মামলা করার সুযোগ থাকলেও প্রতিশোধের পথে হাঁটেননি। কারণ, তিনি প্রতিশোধ নয়, পরিবর্তনে বিশ্বাস করেন।

তবে আওয়ামী লীগ তার এই নমনীয়তাকে দুর্বলতা হিসেবে নিয়েছে বলে অভিযোগ করেন নয়ন। তার ভাষ্য, বিএনপি ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের নিয়েও নানা ধরনের হুমকি ও অপপ্রচার চালানো হচ্ছে।

পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, বিএনপি ও সরকারের নমনীয়তার সুযোগ নিয়ে আওয়ামী লীগ দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে এবং হুমকি দিচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি আবারও কঠোর হুঁশিয়ারি দেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: