সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি না পেলে ইসির বিরুদ্ধে আন্দোলনে যাবে ১১ দল
ফাইল ছবি
জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম ধাপে ১ হাজার ৪২ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ১০ ডিসেম্বরের আগেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। ইসি সচিবনির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, তিন দিনেই সংলাপ শেষ করবে তারা। নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানাবে তারা।
তবে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও প্রভাবমুক্ত থাকবে কিনা বিষয়টি নিয়ে চিন্তিত ১১ দলীয় জোট। তাই কমিশনকে চাপে রাখতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি আদায়ে নতুন কর্মসূচি নিয়ে এগুচ্ছে। ১১ দলীয় জোট নেতারা জানান, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ থেকে সরে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি না দেয় তাহলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নতুন করে চিন্তাভাবনা করবে।
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন যদি তাদের সাংবিধানিক অবস্থান ও নিরপেক্ষতা বজায় রাখতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি আগামী দিনে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। তার আশঙ্কা, স্থানীয় সরকার নির্বাচনেও এই নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হবে। কারণ নির্বাচনের তারিখ বা সময়সীমা ঘোষণা করেও ভয়ে সেটি আবার পরিবর্তন করতে হয়েছে।
ঠাঁকুরগাওয়ের উপনির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের বৈঠকে পর্যালোচনা হয়। তাদের অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বৈঠক সূত্র জানায়, উপনির্বাচনে কারচুপি ও অনিয়ম করে জামায়াতের প্রার্থীকে হারিয়ে দেয়া হয়েছে। তাই তারা আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে শক্ত অবস্থানে যাওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
চলতি মাসের ১ তারিখ বায়তুল মোকাররম উত্তর গেটে প্রতিবাদ ও বিক্ষোভ করে জামায়াত। সেখানে দলটির নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, ভোটের দিন ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার ইতিহাস সৃষ্টি করেছে সরকারি দল। কিন্তু নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ৯ মাস ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। উপনির্বাচন দেখেছি। জাতীয় নির্বাচন নিয়েও অভিযোগ আছে। ইসি নিজের অবস্থান সুসংহত করতে না পারে, নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা প্রমাণ করতে না পারে, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে না পারে তাহলে এই কমিশন দিয়ে জনগণের কি উপকার হবে। এত দিন আমরা সেই অবস্থানে যাইনি। কিন্তু এখন আমরা সেই অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছি।
বিভি/এনএম/এজেড













মন্তব্য করুন: