অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। এ সময় তিনি তরুণদের নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।
‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ জীবন গঠন ও জাতির কল্যাণে ভূমিকা রাখার বিষয়ে দিকনির্দেশনা দেন।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।
মতবিনিময়কালে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তরুণরা বিরোধীদলীয় নেতার কাছে জানতে চান এবং নানা প্রশ্ন করেন। তিনি তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা এবং দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমে নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা, নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই হবে না, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
তিনি বলেন, ‘জাতির তথা উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে আগে নিজেদের প্রস্তুত করতে হবে। নিজেদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে এমনভাবে গড়ে তুলতে হবে, যেন ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা যায়।’
এ সময় আমিরে জামায়াত উপস্থিত তরুণদের নিজেদের গড়ে তোলার প্রচেষ্টায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
বিভি/জেএ/পিএইচ













মন্তব্য করুন: