• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সিদ্ধান্তে জামায়াত সময় নিচ্ছে কেন?

প্রকাশিত: ১৭:১৬, ২৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের সিদ্ধান্তে জামায়াত সময় নিচ্ছে কেন?

অস্ট্রেলিয়ার স্থানীয় মঙ্গলবার বিকেলে বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এরপরই জাতীয় ঐক্যের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সংলাপ হওয়ার কথা রয়েছে। 

তবে জামায়াতের একটি সূত্র জানায়, জাতীয় ঐক্যের বিষয়ে জামায়াতের আমির অস্ট্রেলিয়া যাওয়ার আগে ১১ দলীয় জোটের বৈঠক হয়েছে। সেখানে আলোচনা হয়েছিলো-এককভাবে নয়, ১১ দল একসাথে প্রধানমন্ত্রীর সাথে সংলাপে অংশ নেবেন। কিন্তু এরই মধ্যে সংলাপে প্রথম আমন্ত্রণ পায় এনসিপি। গত সোমবার দলটির সঙ্গে একক বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংলাপও শুরু করেছেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, জামায়াতের নেতারা সংলাপের উদ্যোগকে স্বাগত জানালেও পৃথক সংলাপের বিষয় নিয়ে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই  প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বৈঠকে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। ১১-দলীয় ঐক্যসহ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে একসঙ্গে নিয়ে আলোচনায় বসার পক্ষে দলটি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জামায়াত সংলাপকে স্বাগত জানায়। জাতীয় ঐক্যের বিষয়ে তাদের দল সব সময়ই ইতিবাচক। আমরা বলেছিলাম ১১-দলীয় ঐক্যসহ জুলাই শক্তিরা একসঙ্গে বসতে চাই। যেহেতু এটা ঐক্যের বিষয়, সেহেতু একসঙ্গে এক টেবিলেই বসাটাই সমীচীন বলে আমরা মনে করি। আমরা এখনো চাই একসঙ্গে সবাইকে নিয়ে বসতে। 

জামায়াতের এই নেতা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জামায়াত আমির দেশে ফেরার পরই চূড়ান্ত হবে সিদ্ধান্ত।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা চেয়েছিলাম জুলাইয়ের স্টেকহোল্ডারদের সবাইকে নিয়ে একসঙ্গে বসতে। তাহলে জাতীয় ঐক্যের বিষয়ে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া যেত। আর সংলাপ হতে হবে সংলাপের মতো, যেখানে সরকার বা সরকারি দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। কিন্তু এনসিপির সঙ্গে যে বৈঠক হয়েছে, সেটিকে সংলাপ মনে হয়নি। মনে হয়েছে, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার জানিয়েছেন, আমন্ত্রণটি নাহিদ ইসলামকে ব্যক্তিগতভাবে নয়, দল হিসেবেই জানানো হয়েছে। দল হিসেবেই তারা সংলাপে অংশ নিয়েছেন।

বিভি/এনএম/এজেড

মন্তব্য করুন: