• NEWS PORTAL

  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত চাইলেন হেলাল

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৭, ২৮ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফেরত চাইলেন হেলাল

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডিত ও পলাতক আসামি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নগরীর কে. ডি. ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে খুলনা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

হেলাল অভিযোগ করেন, গত ১৭ বছরে হত্যা, নির্যাতন ও অর্থপাচারের পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং দলটি আবারও সন্ত্রাস ও নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিতে ভারতের ভূখণ্ড ও বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের তৈরি পোশাকশিল্পকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের সব শক্তিকে সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

এতে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ জেলা ও মহানগর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত