নৈরাজ্যের প্রতিবাদে ৪ মন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শহরের মনিহার এলাকা থেকে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ফ্যাসিস্ট খুনিদের বিচারপ্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে কিংবা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়ালে, সে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ হোক কিংবা গুপ্ত বা সুপ্ত; দেশের স্বার্থে কোনো আপস করা হবে না। রাষ্ট্র মেরামতের কাজ ও খুনিদের বিচার চলছে। এ সময়ে কোনো ধরনের আগুন সন্ত্রাস বরদাশত করা হবে না।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গোটা বাংলাদেশ আজ এক কাতারে দাঁড়িয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা, খুনিদের বিচার সম্পন্ন করা এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই পথেই অবিচলভাবে এগিয়ে যাবেন তারা।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ দেড় যুগ তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই লড়াই চূড়ান্ত গতি পেয়েছে চব্বিশের গণঅভ্যুত্থানে। রক্তস্নাত পথ পেরিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছেন। জনগণ ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সব স্তরে সুশাসন নিশ্চিত করার জন্য কাজ করেছেন।
তিনি বলেন, পতিত ফ্যাসিস্টরা নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিস্টদের পতন নিশ্চিত করা হয়েছিল, ঠিক একইভাবে তাদের পুনরুত্থানও রুখে দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্যসচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
বিভি/যশোর/পিএইচ













মন্তব্য করুন: