সন্তানদের মাঝে সম্পদের সমবণ্টন নিয়ে যে কঠোর বিধান আছে ইসলামে
বাবা-মা কখনো কখনো কোনো সন্তানের প্রতি খুশি হয়ে তাকে বেশি সম্পদ দেন। আবার অনেক ক্ষেত্রে কোনো সন্তান অবাধ্য হলে তাকে সম্পদ থেকে বঞ্চিত করেন। ইসলামে সন্তানদের মধ্যে সম্পদ বণ্টনের কী নির্দেশনা রয়েছে?
ইসলামে সন্তানদের প্রতি ইনসাফ ও ন্যায়বিচার বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাবা-মায়ের সম্পদ বণ্টনের ক্ষেত্রে কোনো সন্তানকে অন্যায়ভাবে বঞ্চিত করা বা তার অধিকার কেড়ে নেওয়াকে গুরুতর অন্যায় হিসেবে বিবেচনা করা হয়। এমনকি কোনো সন্তান অবাধ্য হলেও শরিয়ত নির্ধারিত উত্তরাধিকার থেকে তাকে বঞ্চিত করার সুযোগ নেই।
ইসলামী বিধান অনুযায়ী, বাবা-মা জীবিত থাকা অবস্থায় সন্তানদের উপহার বা সম্পদ দেওয়ার ক্ষেত্রে ন্যায়সংগত আচরণ করতে হবে। হাদিসে সন্তানদের মধ্যে উপহার দেওয়ার ক্ষেত্রে সমতা ও ইনসাফ বজায় রাখার নির্দেশনা রয়েছে। তবে কোনো সন্তানের বিশেষ প্রয়োজন দেখা দিলে তাকে অতিরিক্ত সহায়তা করা যেতে পারে, যদি এর পেছনে বৈষম্য বা অন্যায় উদ্দেশ্য না থাকে।
ইসলামি শরিয়তে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা কোনোভাবেই জায়েজ না। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَنْ فَرَّ مِنْ مِيرَاثِ وَارِثِهِ، قَطَعَ اللَّهُ مِيرَاثَهُ مِنَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ ৱ
অর্থ: যে ব্যক্তি ওয়ারিসকে মিরাস থেকে বঞ্চিত করবে, আল্লাহ তাকে জান্নাতের মিরাস থেকে বঞ্চিত করবেন।’ (ইবনে মাজাহ: ২৭০৩)
সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো বিধান নেই। এমনটি করলে মা-বাবা সন্তানের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহে লিপ্ত হবেন। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। (বুখারি: ৫৯৮৪; মুসলিম: ২৫৫৬)
কোনো বাবা সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করলেও তা বাস্তবায়িত হবে না। তার মৃত্যুর পর যথানিয়মে সম্পত্তির ওয়ারিস হবেন। এ ক্ষেত্রে বাবার কোনো কথা বা লিখিত দলিল ধর্তব্য হবে না। কারণ, মিরাস বা সম্পদের উত্তরাধিকার কে কতখানি পাবে, তা মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা নিসার ১১ থেকে ১৩ নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন। তাই কারো কথার কারণে মহান আল্লাহর বিধান পরিবর্তিত হবে না। বাবার মৃত্যুর পর সন্তান ও অন্য ওয়ারিসরা স্বাভাবিকভাবেই তার সম্পত্তির নির্ধারিত অংশের মালিক হয়ে যাবেন। (তিরমিজি: ২১২১; আলবাহরুর রায়েক: ৭/২৮৮; ফাতাওয়া উসমানি: ২/২৮৪)
অবাধ্য হলেও উত্তরাধিকার থেকে বঞ্চিত নয়
ইসলামী উত্তরাধিকার আইনে ‘ত্যাজ্য সন্তান’ নামে কোনো ধারণা নেই। ফলে কোনো সন্তান বাবা-মায়ের অবাধ্য হওয়া, তাদের যথেষ্ট দেখাশোনা না করা কিংবা সম্পর্কের অবনতি হওয়ার কারণে উত্তরাধিকার থেকে স্বয়ংক্রিয়ভাবে বঞ্চিত হয় না।
মুফতি আলী হুসাইনের মতে, মুসলিম উত্তরাধিকার আইনে কোনো সন্তানকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে সম্পত্তি থেকে বঞ্চিত করার বিধান নেই। তবে সৎ সন্তান, সৎ বাবা বা সৎ মা একে-অপরের সরাসরি উত্তরাধিকারী হন না।
বেশি সেবা করলেই বেশি সম্পদ নয়
অনেক সময় দেখা যায়, সন্তানদের মধ্যে কেউ বাবা-মায়ের বেশি যত্ন নেন, আবার কেউ তুলনামূলকভাবে কম দায়িত্ব পালন করেন। এ ক্ষেত্রে বেশি যত্ন নেওয়া সন্তানকে মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে বেশি সম্পদ দেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে।
জনপ্রিয় ইসলামী বক্তা আহমাদুল্লাহর বক্তব্য অনুযায়ী, কোনো সন্তান বেশি যত্ন নিলেই তাকে উত্তরাধিকার হিসেবে বেশি সম্পদ দেওয়ার অধিকার তৈরি হয় না। সন্তানরা জন্মসূত্রেই শরিয়ত নির্ধারিত উত্তরাধিকার পাওয়ার অধিকারী। কোনো সন্তান অবাধ্য হলেও বা বাবা-মায়ের যথাযথ যত্ন না নিলেও তার নির্ধারিত উত্তরাধিকার বাতিল করা যায় না।
জীবদ্দশায় সম্পদ দিলে কী হবে?
বাবা-মা জীবিত অবস্থায় নিজেদের সম্পদ সন্তানদের মধ্যে হস্তান্তর করতে চাইলে সেটি উত্তরাধিকার বণ্টন হিসেবে গণ্য হয় না। জীবদ্দশায় দেওয়া সম্পদ সাধারণত হিবা বা উপহার হিসেবে বিবেচিত হতে পারে। তবে সন্তানদের মধ্যে অন্যায় বৈষম্য করা থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে মৃত্যুর পর রেখে যাওয়া সম্পত্তি উত্তরাধিকার সম্পদ হিসেবে গণ্য হয়। তখন শরিয়ত অনুযায়ী নির্ধারিত ওয়ারিশদের অংশ কার্যকর হয়। কোনো সন্তানকে ‘ত্যাজ্য’ ঘোষণা করে তার উত্তরাধিকার বাতিল করার সুযোগ নেই।
অন্যায় বঞ্চনার পরিণতি
সন্তানদের মধ্যে অন্যায় বৈষম্য শুধু পারিবারিক অশান্তিই সৃষ্টি করে না, ইসলামী দৃষ্টিতেও এটি গুরুতর অন্যায়। কোনো সন্তানের ন্যায্য অধিকার ইচ্ছাকৃতভাবে কেড়ে নেওয়া হলে এর জন্য দুনিয়ায় পারিবারিক বিরোধ এবং আখেরাতে জবাবদিহিতার মুখোমুখি হতে হতে পারে।
তাই সন্তানদের মধ্যে সম্পদ বণ্টনের ক্ষেত্রে আবেগ, রাগ, অভিমান কিংবা ব্যক্তিগত পছন্দের পরিবর্তে শরিয়তের বিধান ও ন্যায়বিচার অনুসরণ করাই গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত অংশ নিশ্চিত করা এবং কাউকে অন্যায়ভাবে বঞ্চিত না করাই ইসলামী বিধানের মূল শিক্ষা।
বিভি/টিটি













মন্তব্য করুন: