• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জর্ডানে হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বাংলাদেশিরাও, পরীক্ষা বায়তুল মোকাররমে

প্রকাশিত: ১১:০২, ১০ নভেম্বর ২০২৬

আপডেট: ১১:০২, ১০ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
জর্ডানে হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বাংলাদেশিরাও, পরীক্ষা বায়তুল মোকাররমে

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে শুরু হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা জর্দান-২০২৭’। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বাংলাদেশিরা। এই লক্ষ্যে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে বাছাই পরীক্ষার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। 

আগামী ১৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের অফিসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল (৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তাজবিদসহ সম্পূর্ণ কোরআন তিলাওয়াত ও হিফজ (পুরুষ) বিভাগে অনূর্ধ্ব ৩০ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। নারী বিভাগেও তাজবিদসহ সম্পূর্ণ কোরআন তিলাওয়াত ও হিফজের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 
আগ্রহী প্রার্থীদের এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, হিফজের সনদের সত্যায়িত কপি এবং জীবন-বৃত্তান্তসহ আবেদন করতে হবে।

আবেদন ফরম ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদন আগামী ১৭ নভেম্বর বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা কুরিয়ারযোগে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পুরুষ ও মহিলা উভয় বিভাগের ক্ষেত্রে এর আগে জর্ডানে অংশগ্রহণকারী বা বিজয়ীরা আবেদন করতে পারবেন না। 

আবেদন ফি রূপালী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ‘ইসলামিক ফাউন্ডেশন’ নামে চলতি হিসাব নম্বর ৫৫২০০২০০৫০০০৫ রূপালী ব্যাংক পিএলসি, রোকেয়া সরণি শাখার অনুকূলে বা যেকোনো তফসিলি ব্যাংক থেকে ‘ইসলামিক ফাউন্ডেশন’ নামে ৩০০ টাকা জমা দিতে হবে।  

এ অর্থ অফেরতযোগ্য এবং ব্যাংক জমার মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
 
প্রার্থীদের আন্তর্জাতিক এমআরপি বা ই-পাসপোর্ট থাকতে হবে। বাছাই পরীক্ষার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনে নির্বাচনী পরীক্ষার তারিখ পরিবর্তন এবং অসম্পূর্ণ আবেদন বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

এ বিষয়ে বিস্তারিত জানতে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তিতে যোগাযোগের নম্বর হিসেবে ০২-৪১০৫৩২৯৪ এবং ই-মেইল [email protected] উল্লেখ করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: